দম ফেলার ফুরসত নেই খলিফাপট্টির খলিফাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গলি দিয়ে প্রবেশ করতেই শোনা গেল সেলাই মেশিনের শব্দ। বিরামহীন চলছে দর্জিদের হাত-পা। তৈরি হচ্ছে পোশাক। একটা শেষ করেই হাত দিচ্ছেন অন্যটায়। দম ফেলার সময় নেই কারও। সেলাই শেষে কেউ পোশাক ভাঁজ করছেন। কয়েকজন সেই ভাঁজ করা পোশাক মোড়কে জড়াচ্ছেন।চট্টগ্রাম নগরের ঘাটফরহাদবেগ এলাকার নিম্ন ও মধ্যবিত্তদের পাইকারি বাজারখ্যাত খলিফাপট্টির চিত্র এটি। গতকাল শুক্রবার খলিফাপট্টি ঘুরে দেখা গেছে আসন্ন ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় কাটছে খলিফাপট্টির দর্জিদের।খলিফাপট্টির গলির ভেতরে ১১টি ভবনের নিচতলায় বিক্রয়কেন্দ্র আর ওপরের তলায় চলে পোশাক তৈরির কাজ। প্রায় ৬৫ বছরের পুরোনো এই খলিফাপট্টিতে এখন প্রতিষ্ঠানের সংখ্যা ৩৪০টি। এখানে তৈরি পোশাকের অধিকাংশই চলে যায় নগরের বিভিন্ন বিপণিবিতান ও ফুটপাতগুলোতে। এ ছাড়া বিভিন্ন উপজেলা ও পার্বত্য চট্টগ্রামসহ অন্যান্য জেলাতেও এখানকার চাহিদা বেশি।এখানে প্রতিটি শার্ট বিক্রি হয় আকার ও মানভেদে সর্বনিম্ন ৭৫ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত। শার্ট-প্যান্টের এক সেট পোশাক পাওয়া যাবে ৮০ থেকে ৩৫০ টাকায়, শিশুদের ফ্রক পাওয়া যায় ৭০ টাকা থেকে ৩০০ টাকার মধ্যে। মেয়েদের বড় আকারের ফ্রকের দাম ৩০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত। থ্রি-পিসের দাম সর্বনিম্ন ৪০০ থেকে সর্বোচ্চ এক হাজার টাকা। নবজাতক শিশুদের পোশাক থেকে শুরু করে ১৩-১৪ বছর বয়সের ছেলেমেয়েদের পোশাকও তৈরি হচ্ছে। ছেলেদের জন্য শার্ট-প্যান্ট আর মেয়েদের ফ্রক, স্কার্ট, থ্রি-পিস সবই তৈরি হয় এখানে।হালের হিন্দি সিনেমা আর সিরিয়ালের প্রভাব পড়েছে এখানকার পোশাকের নকশাতেও। মেয়েদের পোশাকের নাম রাখা হয়েছে ছাম্মাকচালো, দিল্লি সিক্স ও মাসাককালি।খলিফাপট্টির বণিক কল্যাণ সমিতির সহসভাপতি মো. হুমায়ুন কবির জানান, প্রতিটি প্রতিষ্ঠানে দিনে গড়ে ৪০ থেকে ৫০ হাজার টাকার পোশাকের কেনাবেচা হয়। দর্জি মো. আলাউদ্দিন বলেন, ‘কাজ শুরু করি সকাল ১১টায়। একটানা কাজ চলে সেহির পর্যন্ত। ভোর রাতে সেহির খেয়ে ঘুমাতে যাই। চাঁদ রাতের আগের দিন পর্যন্ত এ অবস্থা চলবে।’কক্সবাজার চকরিয়া থেকে পোশাক কিনতে আসা ব্যবসায়ী সোহেল আরমান বলেন, ‘সব সময়ই খলিফাপট্টি থেকেই পোশাক কিনি। আজ প্রায় ৩৬ হাজার টাকার পোশাক কিনেছি। প্রত্যন্ত অঞ্চগুলোতে এখানকার পোশাকের চাহিদা প্রচুর। নিম্ন-নিম্নমধ্যবিত্ত সাধারণ মানুষরাই এর মূল ক্রেতা।’ ১০ হাজার শ্রমিকের ব্যস্ত দিনরাত: খলিফাপট্টির বণিক কল্যাণ সমিতি সূত্রে জানা গেছে, এখানে প্রায় ১০ হাজার শ্রমিক কাজ করেন। স্থায়ী শ্রমিকের পাশাপাশি ঈদ উপলক্ষে কিছু উপার্জনের আশায় যোগ দেন কিছু অস্থায়ী শ্রমিক। এ রকমই একজন আফরোজা সুলতানা। তিনি প্রথম আলোকে বলেন, ‘এই রমজান মাসে কিছু বাড়তি আয়ের আশায় কাজ করছি। প্রতিটি পোশাক সেলাই বাবদ ৩০ থেকে ৪০ টাকা করে পাই। এই টাকায় ঈদে বাচ্চাদের কিছু কিনে দেব।’এখানকার প্রবীণ ব্যবসায়ী নুরুল আমিন এখন আর নিয়মিত সেলাইয়ের কাজ করেন না। কিন্তু রমজান মাসের চাহিদার কথা মাথায় রেখে তিনি নিজেও কাজে লেগে যান। নুরুল আমিন বলেন, ‘জন্মের পর থেকেই এখানে আছি। এক খলিফার কাছে কাপড় কাটা, সেলাই শিখেছিলাম। সেটাকে কাজে লাগিয়ে নিজেই একটা দোকান ভাড়া নিয়ে নিজেই খলিফার কাজ শুরু করি। সেই থেকে শুরু। আজও থামেনি। ব্যবসা এখন ছেলেরা দেখে।’ এখানকার প্রতিটি প্রতিষ্ঠানে পাঁচ থেকে ১৫ জন দর্জি রয়েছেন। কর্মীরা কারখানাতেই থাকেন, খান ও ঘুমান। প্রায় সব প্রতিষ্ঠানেই কমবেশি শিশুশ্রমিক দেখা গেছে। এরা সাধারণত সহযোগীর কাজ করে।