দম ফেলার ফুরসত নেই প্রতিমাশিল্পীদের
আর কদিন পর শারদীয় দুর্গোৎসব। ঠাকুরগাঁওয়ের পূজামণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমা তৈরির কাজ শেষ করে শিল্পীরা এখন রংতুলির শেষ আঁচড় লাগাতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এ সময় দম ফেলার ফুরসত নেই তাঁদের। তোরণ নির্মাণ ও মণ্ডপ নানা রঙে সাজাতে ব্যস্ত হয়ে পড়েছেন পূজা উদ্যাপন কমিটি।
এদিকে পূজা চলাকালে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। ইতিমধ্যে পূজামণ্ডপগুলোতে বাড়ানো হয়েছে পুলিশের নজরদারি।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ঠাকুরগাঁও জেলার সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ জানান, জেলায় ৪২১টি মণ্ডপে দুর্গাপূজা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১৮০টি, পীরগঞ্জে ১১১টি, রানীশংকৈলে ৪৮টি, হরিপুরে ২০টি ও বালিয়াডাঙ্গিতে ৬২টি মণ্ডপে পূজার প্রস্তুতি চলছে জোরেসোরে।
তিনি জানান, গত বছরের তুলনায় এবার পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে। সরকার এ বছর জেলায় মণ্ডপপ্রতি ৫০০ কেজি চাল বরাদ্দ দিয়েছে।
গতকাল শনিবার সদর উপজেলার গৌধুলী বাজার রামমন্দিরের পূজামণ্ডপে গিয়ে দেখা গেছে, প্রতিমা তৈরির পর বিভিন্ন রঙে সাজানোর কাজ করছেন শিল্পীরা। এ কাজে ব্যস্ত বিভিন্ন বয়সের তিন-চারজন শিল্পী। তাঁদের তুলির আঁচড়ে প্রতিমাগুলো যেন জীবন্ত হয়ে উঠছে। আর তা দেখতে ভিড় করেছে এলাকার শিশুরা।
প্রতিমা শিল্পী ফনীভূষণ রায় জানান, ১৫-১৬ বছর ধরে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকার মন্দিরের পূজা উদ্যাপন কমিটির চাহিদামতো তিনি প্রতিমা তৈরি করছেন। প্রতিমা তৈরির কাজ শেষ। এখন সেগুলোকে সাজানোর পালা। হাতে সময় কম থাকায় এখন আর দম ফেলার ফুরসত নেই। দুর্গা, কার্তিক, সরস্বতী, লক্ষ্মী ও গণেশের প্রতিমায় শেষ তুলির আঁচড় লাগলে সেগুলো জীবন্ত হয়ে উঠবে।
অন্যদিকে শহরের ঘোষপাড়া দুর্গামন্দিরে প্রতিমা তৈরি করছেন নিতাই পাল। তিনি জানান, শুধু টাকার জন্য নয়, প্রতিবছর প্রতিমা তৈরি করার নেশা থেকে তিনি এ কাজ করেন। রাত-দিন প্ররিশ্রম করে যখন কাজ শেষ হয়, তখন প্রতিমার দিকে তাকালেই ভালো লাগে।
ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফয়সল মাহমুদ জানান, পুলিশ ইতিমধ্যে পূজামণ্ডপগুলো নজরদারিতে রাখতে শুরু করেছে। পূজার সময়ে বাড়তি নিরাপত্তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস বলেন, গত বছরের তুলনায় এবার পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে।