দম ফেলারও যেন ফুরসত নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুরিয়ে আসছে সময়, চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। ক্রেতায় ঠাসা নগরের­ জ­­হুর হকার্স মার্কেট। গত শুক্রবার বিকেলের চিত্র l সৌরভ দাশ
ফুরিয়ে আসছে সময়, চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। ক্রেতায় ঠাসা নগরের­ জ­­হুর হকার্স মার্কেট। গত শুক্রবার বিকেলের চিত্র l সৌরভ দাশ

শুক্রবার বিকেল পাঁচটা। রিয়াজউদ্দিন বাজারের ঝুমুর শাড়ি মেলার ছয়জন কর্মচারী ক্রেতা সামলাতে তখন হিমশিম খাচ্ছিলেন। দোকানের সব ক্রেতাই বিভিন্ন বয়সের নারী। কেউ জামদানি-কাতান দেখছিলেন, কেউ বা থ্রিপিস। অবস্থা সামাল দিতে শেষ পর্যন্ত দোকানের ব্যবস্থাপককেই নেমে পড়তে হলো কাপড় দেখাতে। নগরের রিয়াজউদ্দিন বাজারের এমন চিত্র এখন বিপণিবিতান থেকে জহুর হকার্স মার্কেট ও এর সংলগ্ন ফুটপাত এবং তামাকুমন্ডি লেনেও দেখা গেল।
নগরের সব শ্রেণির মানুষই কেনাকাটার জন্য বিপণিবিতান, জহুর হকার্স মার্কেট, তামাকুমন্ডি লেন ও রিয়াজউদ্দিন বাজারে ভিড় জমান। কাছাকাছি অবস্থিত এসব বিপণিকেন্দ্রে এখন জমজমাট বেচাকেনা চলছে। ঈদের আগের রাত পর্যন্ত এমন ভিড় থাকবে বলে জানান এখানকার বিক্রেতারা।
রিয়াজউদ্দিন বাজারে বেশি দেখা গেল নারী ক্রেতাদের। এখনকার বিভিন্ন শাড়ি ও থান কাপড়ের দোকানে প্রায় সব শ্রেণির ক্রেতাদের পছন্দের কাপড় আছে। রিয়াজউদ্দিন বাজারের সরু গলি পার হলেই তামাকুমন্ডি লেন। সেখানে সারি সারি দোকানে ছেলেদের প্যান্ট, টি–শার্ট, শার্ট, পাঞ্জাবি ও জুতা বিক্রি হচ্ছে। দাম একটু বেশি হলেও ব্র্যান্ডের পোশাক ও জুতার খোঁজে তরুণেরা এখানে কেনাকাটা করেন।
কেনাকাটা করে সন্তুষ্টি নিয়ে ঘরে ফেরাটাই আসল কথা। ভিড় ঠেলে, গরমে ঘেমে হাঁসফাঁস করলেও রিয়াজউদ্দিন বাজার থেকে শেষ পর্যন্ত হাসি মুখেই বাড়ি ফেরেন ক্রেতারা। সামর্থ্যের মধ্যে পছন্দসই পোশাক মেলে বলেই ক্রেতাদের এমন সন্তুষ্টি। এখানে কেনাকাটা করতে আসা গৃহবধূ হালিমা বেগমও তেমনটাই বললেন। তাঁর কথা, ‘দামে কম, মানে ভালো-মেয়েদের এমন পোশাকের জন্য রিয়াজউদ্দিন বাজারের তুলনা হয় না। তিন মেয়ে ও নিজের জন্য থ্রিপিস-শাড়ি কিনতে এখানে এসেছি। কম দামে ভালো কাপড় কিনতে পেরেছি।’ রিয়াজউদ্দিন বাজারের ঝুমুর শাড়ির মেলার ব্যবস্থাপক শাহ আলম বলেন, ‘রাত তিনটা পর্যন্ত দোকান খোলা রাখতে হচ্ছে। আবার সকাল সাড়ে দশটা বাজলেই ক্রেতারা দোকানে আসা শুরু করছেন।’
নিউমার্কেট নামে পরিচিত বিপণিবিতানের চারটি ফ্লোরেই দেখা গেল ক্রেতাদের ভিড়। বিপণিবিতানের নিচতলার প্রায় শতাধিক দোকানে বিক্রি হচ্ছে শাড়ি, থ্রিপিস, পাঞ্জাবি ও শার্ট-টি শার্ট। দ্বিতীয় তলায় গয়না, তিনতলায় জুতা এবং শিশু ও তরুণ-তরুণীদের পোশাক আর চতুর্থ তলায় আছে ইলেকট্রনিকস সামগ্রীর দোকান। একেক ফ্লোরে একেক ধরনের পণ্য মেলে বলে ঐতিহ্যবাহী এই মার্কেট স্বাধীনতার পর থেকেই ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে।
নিম্নবিত্তের বাজার হিসেবে পরিচিতি ছিল একসময়। কিন্তু জহুর হকার্স মার্কেট এখন সব শ্রেণির মানুষের কেনাকাটার স্থান। রপ্তানিমুখী পোশাক কারখানার বাড়তি বা বাতিল হওয়া পণ্য কম দামে মেলে বলেই ক্রেতারা ছুটে যান এই মার্কেটে। দামও একেবারে হাতের নাগালে। মূলত তরুণ-তরুণী ও শিশুদের তৈরি পোশাক পুরুষদের কাপড় জন্য এই বিপণিকেন্দ্র বিখ্যাত। বিশ্ববিদ্যালয়পড়ুয়া শামসুল ইসলাম এই মার্কেটে এসেছেন জিনসের প্যান্ট কিনতে। তিনি বলেন, ‘এখানে মোটামুটি দামের মধ্যে ভালো প্যান্ট-শার্ট পাওয়া যায়। আর সুবিধা হলো দরদাম করে কাপড় নেওয়া যায়।’
চোখে পড়ার মতো ভিড় দেখা গেছে হকার্স মার্কেট ও রিয়াজউদ্দিন বাজারের সামনের ফুটপাতেও। সড়কের দুই পাশ জুড়েই কাপড় ও জুতার পসরা নিয়ে বসেছেন ফুটপাতের দোকানিরা।