দম ফেলারও সময় নেই কামারপাড়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরবানির ঈদ উপলক্ষে পশু জবাই ও মাংস কাটার কাজে ব্যবহূত ধারালো অস্ত্র তৈরির কাজে ব্যস্ত বগুড়ার কাহালু উপজেলার কালাই রাজবাটি গ্রামের কামারপাড়ার মোহন্ত সম্প্রদায়ের লোকজন।উপজেলা সদর থেকে ১৫-১৬ কিলোমিটার উত্তরে ও দুপচাঁচিয়া উপজেলা থেকে আট-নয় কিলোমিটার পূর্বে এবং কালাই ইউনিয়ন পরিষদ থেকে দেড় কিলোমিটার দূরে কালাই রাজবাটি গ্রামের কামার ও কুমারপাড়া।গত ২৩ অক্টোবর সরেজমিনে দেখা গেছে, গ্রামের শুরুতেই বাঁশের চার খুঁটির ওপর খড়ের দোচালার নিচে একজন তরুণ চেইন টেনে হাপর থেকে বাতাস দিয়ে কয়লায় আগুন জ্বালিয়ে লোহা দিয়ে লাল করছেন। আরেকজন ওই লাল লোহা হাতুড়ি দিয়ে পেটাচ্ছেন। পাশেই তৈরি করা ছোট দা, রামদা, হাঁসুয়া, চাকু, বঁটি, ছুরি এবং কৃষি যন্ত্রাংশের মধ্যে কোদাল ও কাঁচি। কয়েক হাত পর পর ওই ধরনের দোচালার নিচে একইভাবে পশু জবাইয়ের অস্ত্র ও কৃষি যন্ত্রাংশ তৈরির কাজে ব্যস্ত কামাররা। অনেক দোচালায় ক্রেতা ও পাইকাররা এসে বসে আছেন।ধীরেন চন্দ্র মোহন্ত (৬২) বলেন, ‘এ কাজ কর্মকারদের হলেও আমাদের বাপ-দাদা চৌদ্দপুরুষ এ এলাকায় এ কাজ করেন। কাজের চাপের কারণে পাইকারদের কোনো অর্ডার নেই না। যেসব জিনিস তৈরি করি, তার বেশির ভাগই বগুড়া অথবা নওগাঁ শহরে গিয়ে মহাজনদের কাছে বিক্রি করি। আমার দুই ছেলেও এ কাজ করে।’ চিত্তরঞ্জন মোহন্ত (৫৩) বলেন, ‘লোহার দাম কয়েক গুণ বেড়ে গেছে। সেই সঙ্গে কয়লার দামও বেড়েছে। আগে কম পুঁজি দিয়ে এ ব্যবসা চলেছে, এখন আর চলে না। তাই গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়ে এ ব্যবসা করছি। আগের চেয়ে এখন কাজের চাপ খুব বেশি হলেও লাভ কম। এখন সারা দিন খাটাখাটুনি করে সংসার চালানোর পর সপ্তাহের কিস্তি দিতেই সব শেষ।’শিবগঞ্জ উপজেলার পাটথিওট গ্রামের আজিমুদ্দিন (৪৮) বলেন, ‘এই এলাকার কামারের তৈরি জিনিস গুণে-মানে বেশ ভালো। হামার গ্রাম থ্যাকা অনেক দূর হলেও যেকোনো কাজের জন্যি এটি আসি। কোদালত ধার কর‌্যা লেয়ার জন্যি সেই সকালে আসিছি; দুপুর পার হলো, একোনো কাজ হয়নি। ঈদের জিনিস বানান লিয়্যা সব ব্যস্ত।’একই গ্রামের পাইকার আজিজার রহমান ও নিবারণ মোহন্ত বলেন, ‘ঢাকা, টাঙ্গাইল, রংপুর, রাজশাহীসহ বিভিন্ন এলাকায় এ গ্রামের কামারের তৈরি জিনিসের চাহিদা বেশি। আমরা সপ্তাহে দুই দিন করে মোকামে মালামাল নিয়ে যাই। তবে কোরবানির ঈদের জন্য মালের চাহিদা বেশি হলেও মাল দেওয়া যায় না।’