দমকল বিভাগের অনুমতিপত্র নেই
পিরোজপুরের বিভিন্ন উপজেলায় ৯৫ শতাংশ বাণিজ্যিক প্রতিষ্ঠানের ফায়ার সার্ভিসের অনুমতিপত্র (লাইসেন্স) ও অগ্নিনির্বাপণ যন্ত্র নেই। অথচ এসব বাণিজ্যিক প্রতিষ্ঠানের ফায়ার সার্ভিসের অনুমতিপত্র থাকা বাধ্যতামূলক।ফায়ার সার্ভিসের হিসাব অনুযায়ী, পিরোজপুর সদর, মঠবাড়িয়া, কাউখালী, স্বরূপকাঠি, নাজিরপুর, জিয়ানগর ও ভান্ডারিয়া উপজেলায় সমিল, কাপড়, পেট্রল-ডিজেল, ভোজ্যতেল, স্টেশনারি, মুদি-মনিহারি, লাইব্রেরি ও ওষুধের দোকানসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে প্রায় তিন হাজার। বেসরকারি হিসাবে এ সংখ্যা প্রায় পাঁচ হাজার।শহরের এমদাদিয়া লাইব্রেরির মালিক মো. ঈসা জানান, বইয়ের দোকানে অগ্নিনির্বাপণ যন্ত্র থাকতে হবে, এ বিষয়টি তিনি জানেই না। মা লক্ষ্মী বস্ত্রালয়ের স্বত্বাধিকারী দীপঙ্কর দাস জানান, তাঁর দোকান নতুন। ফায়ার সার্ভিস থেকে অনুমতিপত্র নিতে হবে, এ বিষয়টি তাঁর জানা নেই। তবে সম্প্রতি শহরে দমকল বিভাগের পক্ষ থেকে এ রকম প্রচারণা শোনার পর তিনি দু-এক দিনের মধ্যে লাইসেন্স করবেন বলে জানান।পিরোজপুর দমকল বিভাগের উপসহকারী পরিচালক মো. ইয়াহিয়া জানান, সমিল, জ্বালানি তেল, কাপড়, ওষুধ, লাইব্রেরি ও স্টেশনারি দোকানে অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার বাধ্যতামূলক। এটা না করলে ব্যবসায়ীদের জরিমানা করার বিধান রয়েছে। তিনি আরও জানান, জেলায় ৩০০টি দোকানির ফায়ার সার্ভিসের অনুমতিপত্র রয়েছে। জিয়ানগর ও নাজিরপুর উপজেলার কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের ফায়ার সার্ভিসের লাইসেন্স নেই।ফায়ার সার্ভিস পিরোজপুরের উপসহকারী পরিচালক মো. ইয়াহিয়া জানান, জেলার ৯৫ শতাংশ বাণিজ্যিক প্রতিষ্ঠানের ফায়ার সার্ভিসের অনুমতিপত্র নেই। অনুমতিপত্র না নিলে বাণিজ্যিক প্রতিষ্ঠান চালুর পর থেকে প্রতিদিন একটি দোকান থেকে ১০০ টাকা করে জরিমানা আদায় করার বিধান রয়েছে। পিরোজপুর চেম্বার অব কমার্সের সভাপতি আলী আহম্মেদ খান জানান, স মিল, জ্বালানি তেল, কাপড়, ওষুধ ও স্টেশনারি ব্যবসায়ের সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের দমকল বিভাগের লাইসেন্স করা ও অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হবে।