দমকা হাওয়া বইলেই বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ!
সামান্য দমকা হাওয়া বইলেই কমলগঞ্জ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস)। দমকা হাওয়া থামার পর পাহাড়ি এলাকার ভেতর দিয়ে যাওয়া বিদ্যুৎ সঞ্চালন লাইন পরীক্ষা করার পরই আবার বিদ্যুৎ সংযোগ চালু করা হয়। এতে সময় লেগে যায় ৮ থেকে ১০ ঘণ্টা। এ কারণে চরম ভোগান্তি পোহাচ্ছেন ৩৩ হাজার বিদ্যুতের গ্রাহক।মৌলভীবাজারের শ্রীমঙ্গল বিদ্যুৎ গ্রিড লাইন থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকার ভেতর দিয়ে সঞ্চালন লাইনের মাধ্যমে কমলগঞ্জ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। পাহাড়ি এলাকার ভেতর দিয়ে বিদ্যুৎ সঞ্চালন লাইন যাওয়ায় দমকা হাওয়া বইতে শুরু করলেই কমলগঞ্জের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় পবিস। দমকা বাতাস থেমে গেলে পাহাড়ি এলাকার সঞ্চালন লাইন পরীক্ষা করে আবার বিদ্যুৎ সংযোগ চালু করতে লেগে যায় ৮-১০ ঘণ্টা। ঝড়ে সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হলে বিদ্যুৎ সরবরাহ আবার চালু করতে ১৫-১৬ ঘণ্টা লেগে যায়।পবিস সূত্র জানায়, বিদ্যুৎ সরবরাহ চালু থাকা অবস্থায় গাছের ডালপালা সঞ্চালন লাইনের সংস্পর্শে এলে সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়। আর দমকা কিংবা ঝোড়ো হাওয়ার সময় গাছের ডালপালা সঞ্চালন লাইনের সংস্পর্শে আসার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এ জন্য দমকা হাওয়ার সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।পবিসর কমলগঞ্জ জোনাল কার্যালয় সূত্র জানায়, ৮ এপ্রিল থেকে গতকাল শুক্রবার পর্যন্ত প্রায় প্রতি রাতেই কমলগঞ্জের ওপর দিয়ে ঝড় ও দমকা হাওয়া বয়ে গেছে। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকাশ কান্তি চৌধুরী বলেন, পাহাড়ি এলাকার ভেতর ৩৩ হাজার কেভি প্রধান বিদ্যুৎ লাইন থাকায় এসব সমস্যা হচ্ছে।মৌলভীবাজার পবিসর কমলগঞ্জ জোনাল উপমহাব্যবস্থাপক মোবারক হোসেন বলেন, পাহাড়ি এলাকা এড়িয়ে নতুন করে ৩৩ হাজার কেভি বিদ্যুৎ লাইন স্থাপনের চেষ্টা করা হচ্ছে। তবে পিডিবির অসহযোগিতার কারণে এ কাজ করা যাচ্ছে না।