দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি, গ্রীষ্মের আগমনী বার্তা
ঋতুর বিবেচনায় গতকাল শুক্রবারও ছিল বসন্ত। কিন্তু রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সন্ধ্যা হতেই দমকা হাওয়ার সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি যেন গ্রীষ্মের আগমনী বার্তাই দিয়ে গেল।দমকা বাতাসে রাজধানীতে বয়ে যায় এক রকম ধূলিঝড়। বিশ্বকাপ ক্রিকেটের বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ দেখার জন্য রাজধানীর অনেক বাসিন্দাই এ সময় ছিলেন টেলিভিশনের সামনে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাস্তায় যানবাহন চলাচলও ছিল কম। যাঁরা রাস্তায় ছিলেন তাঁদের পড়তে হয় এই দমকা বাতাস ও ঝিরিঝিরি বৃষ্টিতে।আবহাওয়া অধিদপ্তর বলেছে, প্রকৃতিতে গ্রীষ্মের বেশির ভাগ লক্ষণ দেখা যাচ্ছে। গতকাল সন্ধ্যা সাতটায় রাজধানীতে বাতাসের গতিবেগ রেকর্ড করা হয়েছে ৬৪ কিলোমিটার। রাজধানীমুখী ঝোড়ো হাওয়াটি ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, গাজীপুর ও টঙ্গীর দিক দিয়ে বয়ে গেছে। আরেকটি ঝোড়ো হাওয়া বয়ে গেছে যশোর, খুলনার দিক দিয়ে।আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ শনিবারও রাজধানীসহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য বিভাগের দু-এক জায়গায় আবহাওয়া একই রূপ নিতে পারে। দিনের তাপমাত্রাও কিছু কমে আসতে পারে।গতকাল টাঙ্গাইল ও ঈশ্বরদীতে বৃষ্টিপাতের পরিমাণ ছিল সবচেয়ে বেশি আট মিলিমিটার। এ ছাড়া রংপুরে তিন ও রাজশাহীতে এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানীতে বাতাস বয়ে গেছে পশ্চিম দিক দিয়ে।ঋতুর হিসাবে আগামী দু-তিন দিনের মধ্যে গ্রীষ্ম শুরু হবে। আবহাওয়া বিভাগ থেকে মার্চ মাসের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে দুই থেকে তিনটি কালবৈশাখী সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুর রহমান প্রথম আলোকে জানান, ঋতু পরিবর্তনের স্বাভাবিক নিয়মে গ্রীষ্মের আগমন শুরু হয়েছে। তবে গতকাল রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝোড়ো হাওয়াটির গতিবেগ ৬৪ কিলোমিটার হলেও তা কালবৈশাখী নয়। বাতাস ঘূর্ণিবেগে এলে তবেই তা ঝড়ে রূপ নিত। আগামী দু-এক দিন এই ধরনের দমকা হাওয়া বয়ে যেতে পারে।