দমদম কারাগার থেকে বাংলাদেশি তরুণীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের দমদম কারাগার থেকে এক বাংলাদেশি তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি আত্মীয়ের সঙ্গে দেখা করতে পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে অবৈধভাবে প্রবেশ করেছিলেন। কারাগার কর্তৃপক্ষ ও কলকাতায় বাংলাদেশ হাইকমিশন সূত্রে এ কথা জানা গেছে।দমদম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার তপন চক্রবর্তী জানান, বাংলাদেশের ফরিদপুর জেলার মধুখালীর ১৮ বছরের তরুণী নদী সুলতানা ঝর্ণা দালালের হাত ধরে আত্মীয়ের সঙ্গে দেখা করতে গত সোমবার বেআইনিভাবে সীমান্ত পার হয়ে পশ্চিমবঙ্গে যান। কিন্তু আত্মীয়ের সঙ্গে দেখা হওয়ার আগেই ২৩ নভেম্বর গ্রেপ্তার হন হাবড়া পুলিশের হাতে। পরদিন মঙ্গলবার তাঁকে তোলা হয় বারাসাতের বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে। আদালত ঝর্ণাকে ১৪ দিন বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন। এ জন্য গত বুধবার তাঁকে নেওয়া হয় দমদম কেন্দ্রীয় কারাগারে।তপন চক্রবর্তী বলেন, রাতে অন্যান্য বন্দীর সঙ্গে খাওয়ার পর তাঁকে কারাগারে নারীদের কক্ষে পাঠানো হয়। শেষ রাতে ঝর্ণা শৌচাগারে গিয়ে জানালার সঙ্গে ওড়না বেঁধে আত্মহত্যা করেন। পরে শৌচাগারের দরজা ভেঙে তাঁর মৃতদেহ বের করা হয়।কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, আত্মহত্যার খবর পেয়ে হাইকমিশনের পক্ষ থেকে যোগাযোগ করা হয় ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে। তিনি নিশ্চিত করেন ঝর্ণা মধুখালীরই মেয়ে। আত্মীয়ের সঙ্গে দেখা করতে ভারতে গিয়েছে। মৃতদেহের ময়নাতদন্ত হয়েছে। আত্মীয়রা তাঁর মৃতদেহ দেশে নেওয়ার জন্য যোগাযোগ করেছে।