দমদমা বধ্যভূমিতে সমাবেশ, শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসি ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে গতকাল বুধবার রংপুরের দমদমা বধ্যভূমিতে সমাবেশ করেছে জাগরণী মঞ্চ। কারমাইকেল কলেজের কয়েকজন শিক্ষককে মুক্তিযুদ্ধের সময় এই দমদমা বধ্যভূমিতে হত্যা করা হয়েছিল। এলাকাবাসী জানায়, বেলা ১১টার দিকে সমাবেশের শুরুতে শপথবাক্য পাঠ করান জাগরণী মঞ্চের সদস্য শিশির হোসেন। এতে সর্বস্তরের জনগণ অংশ নেয়। সমাবেশে ওই এলাকার বাসিন্দা আজগর আলী বলেন, ‘চোখ বাঁধিয়া এ বধ্যভূমিত প্রতিদিন রাইতোত মানুষ মারি ফেলা হইতো। আমরা ভয়ে কিছু কবার পাই নাই। পরে শুনছি কারমাইকেল কলেজের কয়েকজন শিক্ষককে এটে মারি ফেলা হইছে।’ ওই এলাকার অপর বাসিন্দা গোলজার হোসেন বলেন, ‘৭১ সালের যুদ্ধের সময় রাইতোত কুকুর ডাকলেই মনে হইছে এটে মানুষ মারিয়া ফেলা হইতোছে। ওই সময় গাড়ির লাইটোত বোঝা গেইছে মানুষ মারার দৃশ্য।’ আগামীকাল শুক্রবার বিকেল চারটায় পাবলিক লাইব্রেরি মাঠসংলগ্ন জাগরণী মঞ্চে বিভাগীয় গণসমাবেশ ও আগামী রোববার বেলা ১১টায় নগরের নিসবেতগঞ্জ বধ্যভূমিতে গণসমাবেশ হবে। এ ছাড়া প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত ১০টা পর্যন্ত জাগরণী মঞ্চে প্রতিবাদী কবিতা ও গণসংগীত পরিবেশিত হবে।