নীলফামারীর সৈয়দপুর পৌরসভার মেয়র মো. আমজাদ হোসেন সরকার গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেছেন। পৌরসভার সম্মেলনকক্ষে ওই সংবাদ সম্মেলনে আমজাদ হোসেন বলেন, দমন-পীড়ন বন্ধ না করলে পৌরসেবা বন্ধ করে দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেয়র আমজাদ হোসেন বলেন, গত ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচন কেন্দ্রে গোলযোগের কারণে পৌরসভার ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের ভোট গ্রহণ স্থগিত করা হয়। পরে সেখানে ভোট গ্রহণ হয়। কিন্তু সে সময় সহকারী প্রিসাইডিং কর্মকর্তা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় একটি মামলা করেন। কিন্তু ওই মামলায় ১৪ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর আবিদ হোসেন ও তাঁর পরিবারকে পুলিশ হয়রানি করছে। তিনি আরও বলেন, ‘আমাকে আওয়ামী লীগে যোগদানের জন্য চাপ দেওয়া হচ্ছে, নইলে সিলেটের ইলিয়াস আলীর পরিণতি বরণ করতে হবে বলে হুমকি দেওয়া হয়েছে। উন্নয়নকাজে বাধা দেওয়া হচ্ছে, এমনকি বরাদ্দও কমিয়ে দেওয়া হয়েছে। পৌরবাসী বিএনপির লোকজনকে পুলিশ হয়রানি করছে। এসব কর্মকাণ্ড বন্ধ না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে, এমনকি পৌরসেবা বন্ধ করে দেওয়া হবে।’
এ সময় পৌর পরিষদের একাধিক কাউন্সিলর ও স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।