দমনে ব্যর্থ হলেই নারীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতবিনিময় সভায় আলোচকেরা
মতবিনিময় সভায় আলোচকেরা

রাজনৈতিক অঙ্গনে আসার পর যখন একজন নারীকে তাঁরই দলের পুরুষ সহকর্মীরা দমিয়ে রাখতে পারে না তখন প্রশ্ন ওঠে ওই নারীর চরিত্র নিয়ে। সমাজকে এগিয়ে নিতে হলে প্রচলিত এসব ধ্যান ধারণা থেকে অবশ্যই বের হয়ে আসতে হবে।

আজ সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: রাজনৈতিক দল ও জাতীয় সংসদে নারীর কার্যকর অংশগ্রহণ’ শীর্ষক মতবিনিময় সভায় আলোচকেরা এসব কথা বলেন। মহিলা পরিষদের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সভায় সভাপতির বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, ‘রাজনৈতিক অঙ্গনে নারীদের অগ্রগতি হয়েছে। শুধু সংসদেই নয়, স্থানীয় সরকারে নারীরা আজ নেতৃত্ব দিচ্ছে। এ ছাড়া দীর্ঘ তিন দশক ধরে রাজনৈতিক অঙ্গনে ২ জন নারী নেতৃত্ব দিচ্ছেন। গোটা দক্ষিণ এশিয়ায় এটি একটি বিরল ঘটনা। কিন্তু তারপরও ধারাবাহিকভাবে নারীর রাজনৈতিক ÿক্ষমতায়ন নিয়ে আমাদের আলোচনা করতে হয়।’
রাজধানীর সেগুনবাগিচায় মহিলা পরিষদের সুফিয়া কামাল ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় আয়শা খানম রাজনৈতিক অঙ্গনের নারীদের নারী বিষয়ক কাজে দলমত-নির্বিশেষে সবাইকে একমত হয়ে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সভায় দশম জাতীয় সংসদের সাংসদ সাগুফতা ইয়াসমিন, জেবুন্নেসা আফরোজ, ফজিলাতুন নেসা এবং ওয়াসিকা আয়শা খান, নবম জাতীয় সংসদের সাংসদ রাশেদা বেগম, রওশন জাহান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য এ এন রাশেদা, মহিলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুন্নেসা মোশারফ, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আখতার এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) ঢাকা মহানগর শাখার সভাপতি শম্পা বসু উপস্থিত ছিলেন ও আলোচনায় অংশ নেন। সভায় আলোচকেরা বলেন, প্রতিটি রাজনৈতিক দলের আরও অধিক সংখ্যক নারীকে মনোনয়ন দেওয়া প্রয়োজন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু। কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে লিখিত সুপারিশ পড়ে শোনান বাংলাদেশ মহিলা পরিষদের আন্দোলন সম্পাদক কাজী সুফিয়া আখ্তার। এতে সরকারের কাছে সংসদে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের ব্যবস্থা এবং নারী আসনসংখ্যা এক-তৃতীয়াংশ করার সুপারিশ করা হয়েছে। দশম জাতীয় সংসদের চলতি অধিবেশনেই এ বিষয়ক বিল সংসদে উত্থাপন করার উদ্যোগ গ্রহণ করার কথা বলা হয়েছে। নারী সাংসদদের সুনির্দিষ্ট দায়িত্ব পালনের জন্য এলাকা ও অর্থ বরাদ্দ রাখা, স্থানীয় সরকারের প্রতিটি স্তরে নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের দায়িত্ব ও কর্তব্য পালনের সুযোগ ও পরিবেশ সৃষ্টি এবং বাজেটে সুনির্দিষ্ট বরাদ্দ রাখার সুপারিশ করা হয়েছে।
এ ছাড়া প্রতিটি রাজনৈতিক দলের প্রতি দলের বিভিন্ন স্তর থেকে শুরু করে নীতি নির্ধারণী পর্যায়ে ৩৩ শতাংশ নারী থাকা বাধ্যতামূলক করা, প্রতিটি দলের কার্যালয়ে নারী বান্ধব নারীর কর্মপরিবেশ নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।