দমবন্ধ অক্সিজেন মোড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অক্সিজেন মোড়। রাস্তার দুই পাশেই বাস, ট্রাক, টেম্পো ও অটোরিকশার ভিড়। কোনোটিতে যাত্রী ওঠানামা করছে। কোনোটি দাঁড়িয়ে নিশ্চল। রাস্তার মাঝখানে যে সরু জায়গা, সেখান দিয়ে কোনোমতে চলছে গাড়ি। ফলাফল, সেই চিরায়ত যানজট। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এই জট লেগে থাকে। নিত্য দুর্ভোগে ক্লান্ত এই পথের যাত্রীরা।
চট্টগ্রাম সিটি করপোরেশনের ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডের অন্তর্ভুক্ত এই অক্সিজেন মোড়। সেখানে প্রতিদিনের এই দুর্ভোগ নিয়ে অভিযোগের শেষ নেই নগরবাসীর। সিটি নির্বাচন সামনে রেখে প্রার্থীদের প্রতিশ্রুতির অগ্রাধিকারেও রয়েছে যানজট নিরসন।
স্থানীয়দের অভিযোগ, রাস্তার ওপর এলোপাতাড়ি গাড়ি রাখা, স্থায়ী বাস টার্মিনাল না থাকা ও রাস্তা প্রশস্ত না হওয়ার কারণেই অক্সিজেন মোড়ে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়।
ওয়ার্ডের বালুচরা এলাকার তুফানী সড়কে বসবাস ব্যবসায়ী আক্তার হোসেনের। তিনি বলেন, ‘প্রতিদিন সকালে বাসা থেকে বের হয়ে অক্সিজেন মোড় পার হতে ১৫ থেকে ২০ মিনিট লেগে যায়। আবার সন্ধ্যায় বাসায় ফিরতেও একই দুর্ভোগ।’
অক্সিজেন মোড়ের পূর্ব পাশে শহীদনগর এলাকা থেকে এক কিলোমিটার দূরে বাচ্চাদের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে নিয়ে যান উম্মে হাবিবা। এই গৃহিণী জানান, অক্সিজেন মোড়ে তাঁর প্রতিদিন ১০ থেকে ১৫ মিনিট আটকে থাকতে হয়। অনেক দিন নির্ধারিত সময়ে বাচ্চার স্কুলে পৌঁছাতে পারেন না। বললেন, ‘যানজট তো আছেই। এর ওপর শব্দদূষণ ও বায়ুদূষণ। বাচ্চাদের দম বন্ধ হয়ে আসে।’
গতকাল রোববার সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত অক্সিজেন মোড়ে অবস্থান করে দেখা যায়, নগর থেকে ফটিকছড়ি ও রাউজানগামী গাড়ি সেখানে এসে আটকা পড়ে। আবার নগরগামী গাড়িও সেখান থেকে ঢুকতে পারছে না। ফলে অবধারিতভাবে যানজট লেগে যাচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, রাস্তার ওপর বাস, ট্রাক, রিকশা, অটোরিকশার দাঁড়িয়ে থাকার মধ্যেই মালবাহী গাড়িগুলো সংকেত দিয়ে থামাচ্ছেন পুলিশ সদস্যরা। এরপর দুই পক্ষে চলে দর-কষাকষি। তখন পেছনের গাড়িগুলো চলতে পারে না।
মজিবুর রহমান নামের এক বাসশ্রমিকের প্রশ্ন, ‘টার্মিনাল নাই। গাড়ি রাস্তায় না রাখলে কোথায় রাখব? যাত্রী না নিয়ে খালি বাস যাবে নাকি?’
চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙামাটি-নাজিরহাট বাস-ট্রাকমালিক সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম বলেন, অক্সিজেন মোড়ে বাস টার্মিনাল করতে বারবার দাবি জানানো হলেও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও সিটি করপোরেশন কিছুই করছে না। সম্প্রতি বিষয়টি সড়ক ও সেতুমন্ত্রীকেও জানানো হয়েছে।
বিষয়টি স্বীকার করে ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ফরিদ আহমেদ চৌধুরী বললেন, ‘বাস টার্মিনাল না থাকায় অক্সিজেন মোড়ে যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে জালালাবাদের বাসিন্দারা বাসা থেকে বের হয়ে বাজারে গেলেও এখানে আটকা পড়েন। আগেও অনেক চেষ্টা করেছি। এবারও জোর চেষ্টা চালাব এই যানজট নিরসনে স্থায়ী টার্মিনাল নির্মাণের।’
আরেক কাউন্সিলর প্রার্থী সাহেদ ইকবাল বাবু জানান, তাঁরা যেখানেই গণসংযোগে যান, ভোটাররা অক্সিজেন মোড়ের যানজট নিরসনের দাবি তোলেন।