দমানো যাবে না

প্রচণ্ড গরম পড়েছে সেদিন। খুলনা জিলা স্কুলের মাঠে শত শত শিক্ষার্থী জড়ো হয়েছে ভাষা প্রতিযোগে। সকাল থেকেই সূর্যের তেজ ঝরছিল।
সকাল নয়টার পরই উদ্বোধনী অনুষ্ঠান। মাঠে দাঁড়িয়ে শিক্ষার্থীরা জাতীয় সংগীত গাইছে। কেউ কেউ দরদরিয়ে ঘামছে। কেউ কেউ চোখ কুঁচকিয়ে সূর্যের দিকে তাকাতে চেষ্টা করছে। ভাবখানা এমন, ‘তোর চেয়ে আমার তেজ কম নাকি রে, ব্যাটা।’
এ কথায় সূর্য আরও উত্তাপ ছড়ায়। উত্তাপ যা-ই হোক, উচ্ছ্বাস শিক্ষার্থীদের কমে না। উদ্বোধনের পর তারা হইহই করে উচ্ছ্বাস প্রকাশ করে, পরীক্ষার হলে যায়।
২.
পরীক্ষা শেষ।
‘আমার তেজ কম নাকি রে ব্যাটা’—এমন কথা মনে হয় সূর্যের কানে গিয়েছিল। তাই তিনি বেজায় খেপেছেন। রোদ বেড়েছে। উত্তাপ বেড়েছে, গরম বেড়েছে।
শিক্ষার্থীরা বের হয়েছে মাঠে। মাথার ওপরে শামিয়ানা টানানো। এসব দেখে ‘সূর্য হাসেন’।
‘আমাকে কাপড় দিয়ে ঢেকে ফেলতে চাস? দেখাচ্ছি মজা।’
দু-চারটে ফ্যান ঘুরছে। মঞ্চে স্যাররা ভাষা প্রশ্নে উত্তর জোগাচ্ছেন আর টিস্যুতে ঘাম মুছছেন। গরমে ঘাম, ঘাম হচ্ছে শিক্ষার্থীদের প্রশ্নেও।
কত রকম প্রশ্নই যে শিক্ষার্থীরা করছে। এপ্রিলের গরম ভুলে গিয়ে নানা কৌতূহল মেটাচ্ছে শিক্ষার্থীরা।
ঘামে ভেজা ক্লান্ত খুলনা বন্ধুসভার বন্ধুরা খাতা দেখা শেষ করলেন দুপুর ১২টার পর।
বেলা পৌনে একটায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তখনো উচ্ছ্বাস কমেনি শিক্ষার্থীদের ভাষা ভালোবাসার। মাথার ওপরের সূর্যদেব বললেন, ‘না, তোদের দমানো যাবে না।’
সাইদুজ্জামান
নির্বাহী সভাপতি, বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ