দমে যেতে হবে না সেই দুই মেধাবীকে

সুমি পিরেগু ও কৃষ্ণ রাজভর কিরণ নামের সেই দুই মেধাবীকে আর দমে যেতে হবে না। দেশের প্রধান বিচারপতির পরিবার, চিকিৎসক, ব্যাংকার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ অনেকেই তাঁদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
আজ সোমবার প্রথম আলোর বিশাল বাংলা পাতায় ‘দুই মেধাবী কি দমে যাবেন?’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি অনলাইন সংস্করণে গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়।
প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পরিবার সুমি ও কিরণের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য প্রতি মাসে প্রত্যেককে দুই হাজার টাকা করে দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। প্রধান বিচারপতির বাবা-মায়ের নামে প্রতিষ্ঠিত ‘ললিত মোহন-ধনবতী মেমোরিয়াল ট্রাস্ট’ এর মাধ্যমে এ টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন ওই ট্রাস্টের কার্যকরী সদস্য স্বপন কুমার সিংহ। আজ রাতে প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করে বিষয়টি চূড়ান্তভাবে জানিয়ে দেওয়া হবে। এ ছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকায় বসবাসরত এক ব্যাংকার প্রতি মাসে তাঁদের প্রত্যেককে দুই হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
আজ সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যেই কৃষ্ণ রাজভর কিরণের ভর্তির জন্য ১৫ হাজার টাকা দেন মাখলুক হাসান নামে কিশোরগঞ্জের এক ব্যাংকার। তিনি বলেন, ‘আমি নিজে অনেক কষ্ট করে লেখাপড়া করেছি। এ ধরনের প্রতিবেদন পড়লে আমার অন্যরকম একটা আবেগ কাজ করে।’ একই সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সালাহ উদ্দিন ও বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আলী নূর ভর্তিতে আর্থিক সহযোগিতা করেছেন।
আর মৌলভীবাজারের চিকিৎসক সুধাকর কৈরী পাঁচ হাজার, শমশেরনগর চা বাগানের মিখাইল পিরেগু নামে এক সমাজকর্মী তিন হাজার ও কৃষ্ণ রাজভর কিরণের সহ-ক্রিকেট খেলোয়াড়েরা কিছু অর্থ সাহায্য দিয়েছেন।
প্রসঙ্গত, অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি জিনবিজ্ঞানী আবেদ চৌধুরী ভর্তির টাকা দিয়ে সুমিকে গতকাল রোববার ভর্তি করিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সুমি পিরেগুর ভর্তি সম্পন্ন হলেও টাকার অভাবে পড়াশোনা চালিয়ে যাওয়া বন্ধ হওয়ার উপক্রম ছিল। আর কৃষ্ণ রাজভর কিরণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেলেও ফি দেওয়ার সামর্থ্য ছিল না তাঁর পরিবারের। সুমি ও কৃষ্ণ উভয়ই মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা-বাগানের শ্রমিকের সন্তান। তাঁদের বাবা চা-বাগানে দৈনিক ৬৯ টাকায় শ্রম দেন। দুজনেরই বাবা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁদের পক্ষে ভর্তি ফি ও পড়াশোনার টাকা দেওয়া সম্ভব ছিল না। তাই প্রায় বন্ধ হতে চলেছিল তাঁদের পড়াশোনা।
আরও পড়ুন: