দম্পতি খুনের ঘটনায় বাদী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় রবিউল ইসলাম ও তাঁর স্ত্রী মর্জিনা বেগম হত্যা মামলার বাদী তাঁদের ছেলে মনিরুজ্জামান ওরফে মানিককে গত বুধবার গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার তাঁকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠান।
গত ৭ সেপ্টেম্বর রাতে জোনাইল নয়াপাড়া গ্রামের নিজ বাড়ির উঠানে রবিউল ও মর্জিনাকে হত্যা করা হয়। এ ঘটনায় মনিরুজ্জামান হত্যা মামলা করেন। পুলিশ জানায়, মনিরুজ্জামান তাঁর বাবাকে খুন করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে। ঘটনা ধামাচাপা দেওয়ার জন্যই তিনি কারও নামে সরাসরি মামলা না করে অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা করেন। কারও নামে মামলা না করায় পুলিশের সন্দেহ হয়। পুলিশ কয়েকজন প্রতিবেশীকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে কয়েকজন বলেন, ছেলেই তাঁর বাবাকে খুন করেছেন। পরে মনিরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। তিনি বাবাকে হত্যা করার কথা স্বীকার করেছেন।