দম্পতির ওপর অ্যাসিড নিক্ষেপের প্রতিবাদে সভা
কুমিল্লার হোমনা উপজেলার ভাষানিয়া ইউনিয়নের ভিটি ভাষানিয়া গ্রামের স্বর্ণ ব্যবসায়ী পরিমল চক্রবর্তী ও তাঁর স্ত্রী কৃষ্ণা চক্রবর্তীর ওপর অ্যাসিড নিক্ষেপের প্রতিবাদে গতকাল বুধবার কুমিল্লায় প্রতিবাদ সভা করেছে অ্যাসিড-সন্ত্রাস নির্মূল কমিটি। বেলা একটায় নগরের পুরাতন চৌধুরী পাড়া ডেলোনী সড়কের লাগোয়া বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যয় কার্যালয়ে ওই সভা হয়।
কমিটির কুমিল্লার সভাপতি দিলনাশি মোহসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আমীর আলী চৌধুরী, সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লার সভাপতি মমিনুল হক চৌধুরী, লেখক শান্তিরঞ্জন ভৌমিক, সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সভাপতি শাহ মো. আলমগীর খান, অ্যাসিড-সন্ত্রাস নির্মূল কমিটির সাধারণ সম্পাদক রোকেয়া বেগম শেফালী, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা আক্তার ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নুরুর রহমান প্রমুখ।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার জানান, অ্যাসিড হামলার শিকার পরিবার ও তাঁদের বাড়ির কোনো লোক এ ঘটনায় মুখ খুলছে না। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কেউ কোনো তথ্য দিতে পারছে না। ওই পরিবারের সঙ্গে কারও কোনো ধরনের বিরোধ নেই। তাহলে কে বা কারা অ্যাসিড ছুড়ে মেরেছে, তা জানতে একটু সময় লাগছে।