শেরপুর সদর উপজেলায় এক দম্পতি গাছ থেকে আম পাড়ার ঘটনায় মো. ইউনুস আলী (১০) নামের এক শিশুকে নির্যাতন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার উপজেলার চান্দেরনগর বন্দেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই ঘটনা ঘটে।
ইউনুস শেরপুরের সদর উপজেলার চান্দেরনগর মুসলিমপাড়া গ্রামের আবদুল মান্নান মিয়ার ছেলে এবং চান্দেরনগর বন্দেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। বর্তমানে সে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ওই দম্পতির বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার বিকেলে শেরপুর সদর থানায় মামলা করেছেন।
হাসপাতালে চিকিৎসাধীন শিশু, মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার বেলা তিনটার দিকে চান্দেরনগর মুসলিমপাড়া গ্রামের সেকান্দার বাদশার আমগাছে কয়েকটি শিশু আম পাড়ার জন্য ঢিল ছোড়ে। এ সময় বাদশা ও তাঁর স্ত্রী হাসনা বেগম ইউনুসকে আম পাড়ার অভিযোগে আটক করেন। পরে তাঁরা চান্দেরনগর বন্দেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে তাকে লাঠি ও জুতা দিয়ে বেদম মারধর করেন। এতে সে গুরুতর আহত হয়। একপর্যায়ে শিশুটি অজ্ঞান হয়ে পড়লে তার (ইউনুস) বাবা-মা সেখান থেকে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান এবং স্থানীয়ভাবে চিকিৎসা দেন। কিন্তু বুধবার রাত ১১টার অবস্থার অবনতি ঘটলে তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন ইউনুস বলে, সে সেকান্দার বাদশার আমগাছে ঢিল ছোড়েনি। অথচ তাঁরা (সেকান্দার ও হাসনা) তাকে বেদম মারধর করেছেন। মারধরের কারণে তার শরীরে প্রচণ্ড ব্যথা হচ্ছে।
ইউনুস আলীকে নির্যাতন করার অভিযোগের বিষয়ে সেকান্দার বাদশা ও তাঁর স্ত্রী হাসনা বেগমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। ঘটনার পর থেকে তাঁরা পলাতক রয়েছেন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। পুলিশ ওই দম্পতিকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।