মুক্তিপণের দাবিতে বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বিজয়পুর গ্রামের শিশু হাফিজা আক্তারকে (৪) অপহরণের পর হত্যার দায়ে এক দম্পতিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাঁরা হলেন উপজেলার কালনা গ্রামের সাইদুর রহমান ও তাঁর স্ত্রী তানজিলা তানিয়া।
বরিশালের নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ আবু তাহের গত সোমবার বিকেলে দুই আসামির অনুপস্থিতিতে এই মামলার রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা গেছে, গৌরনদী পৌরসভার উত্তর বিজয়পুর মহল্লায় হারুন হাওলাদারের বাড়ির নিচতলায় ভাড়া থাকতেন ব্যবসায়ী হায়দার আলী। দোতলায় ভাড়া থাকতেন উপজেলার কালনা গ্রামের সাইদুর রহমান ও তাঁর স্ত্রী তানজিলা তানিয়া। সাঈদ ও তানজিলা মুক্তিপণ আদায়ের জন্য ২০০৮ সালের ১১ আগস্ট হায়দারের মেয়ে হাফিজাকে অপহরণ করেন। বিষয়টি পুলিশকে জানালে ওই দম্পতি ১২ আগস্ট হাফিজাকে হত্যা করে লাশ বাড়ির ছাদে পানির ট্যাংকে ফেলে রাখে।
এ ঘটনায় হায়দার আলী চারজনকে আসামি করে গৌরনদী মডেল থানায় অপহরণ ও হত্যা মামলা করেন। একই বছরের ২২ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা গৌরনদী থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুল ইসলাম দুই আসামিকে অব্যাহতি দিয়ে দম্পতি সাইদুর রহমান ও তানজিলাকে আসামি করে অভিযোগপত্র জমা দেন।