দম্পতির রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদৃতা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। অর্পা পাশে থুতনিতে বাঁ হাত রেখে বসে কী যেন ভাবছে। গতকাল সকালে ঘুম থেকে জেগেই শুনেছে ওদের বাবা-মা  চলে গেছেন না-ফেরার দেশে। চট্টগ্রাম নগরের আকবর শাহ থানা এলাকার পূর্ব ফিরোজ শাহ বিশ্ব কলোনির বাসা থেকে গতকাল দুপুরে তোলা ছবি । জুয়েল শীল
আদৃতা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। অর্পা পাশে থুতনিতে বাঁ হাত রেখে বসে কী যেন ভাবছে। গতকাল সকালে ঘুম থেকে জেগেই শুনেছে ওদের বাবা-মা চলে গেছেন না-ফেরার দেশে। চট্টগ্রাম নগরের আকবর শাহ থানা এলাকার পূর্ব ফিরোজ শাহ বিশ্ব কলোনির বাসা থেকে গতকাল দুপুরে তোলা ছবি । জুয়েল শীল

চট্টগ্রাম নগরে গতকাল বৃহস্পতিবার সকালে এক দম্পতির রহস্যজনক মৃত্যু হয়েছে। তাঁরা হলেন পূর্ব ফিরোজশাহ কলোনি বালিকা উচ্চবিদ্যালয়ের ইংরেজির শিক্ষক রাজীব চৌধুরী (৪০) ও হাটহাজারী খাদ্য অধিদপ্তরের সহকারী পরিদর্শক সঞ্চিতা শীল (৩৫)।
বাসার গৃহকর্মী ও প্রতিবেশীরা বলেছেন, পূজার ফুল পাড়তে গিয়ে তিনতলা বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে সঞ্চিতা এবং নিচে ছাদের রেলিং ভাঙা ইটের আঘাতে রাজীবের মৃত্যু হয়েছে। তবে স্বজনদের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
নগরের আকবর শাহ থানা এলাকার পূর্ব ফিরোজশাহ বিশ্ব কলোনি আবাসিক এলাকার ১ নম্বর সড়কের এম ব্লকে নিহত দম্পতির তিনতলা বাড়ি। দ্বিতীয় তলায় দুই শিশুকন্যাকে নিয়ে থাকতেন রাজীব ও সঞ্চিতা। নিচতলায় থাকেন ভাড়াটে। তৃতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন হলেও নির্মাণকাজ এখনো চলছে। এ কারণে ছাদের মেঝেতে আড়াই ফুট উচ্চতার রেলিং দেওয়া হয়।
নিহত দম্পতির বাসার গৃহকর্মী সুপ্তি পাল (৩০) ও প্রতিবেশী নুর হোসেনের (৬৫) ভাষ্যমতে, সকাল সাড়ে ছয়টার দিকে ছাদে উঠে ভবনের সঙ্গে লাগোয়া গামারিগাছ থেকে ফুল ছিঁড়ে একটি বাটিতে নিচ্ছিলেন সঞ্চিতা। ওই সময় ভবনের নিচে আঙিনায় একটি প্লাস্টিকের চেয়ারে দাঁড়িয়ে গাছ থেকে ফুল ছিঁড়ছিলেন রাজীব। আর নিচে যেসব ফুল পড়ছে সেগুলোও বাটিতে তুলছিলেন। এ সময় হঠাৎ ছাদের রেলিং ভেঙে রাজীবের গায়ের ওপর পড়েন সঞ্চিতা। এতে ঘটনাস্থলেই মারা যান রাজীব। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় সঞ্চিতার। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠায়। ঘটনার সময় ওই দম্পতির দুই শিশুকন্যা ঘুমে ছিল।
প্রতিবেশী নুর হোসেন জানান, ফজরের নামাজ শেষে মসজিদ থেকে ফিরে কাছেই একটি দোকানে চা খাচ্ছিলেন তিনি। এ সময় রাজীব ও তাঁর স্ত্রীর ছাদ থেকে পড়ে যাওয়ার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে দেখেন, রাজীবের ওপর সঞ্চিতা পড়ে আছেন। তাঁদের ওপর পড়ে আছে ছাদের রেলিংয়ের ইট।
নুর হোসেন বলেন, ভবনটির সঙ্গে লাগোয়া অসংখ্য বাসাবাড়ি রয়েছে। ঘনবসতিপূর্ণ এই এলাকার কোনো বাসায় ডাকাত বা সন্ত্রাসী হানা দিলে আশপাশের লোকজন টের পেত। গৃহকর্মী সুপ্তি পালও একই মন্তব্য করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে গিয়ে দেখা যায়, রাজীবের মাথার কিছু অংশ থেঁতলে গেছে। চারটি গর্ত হয়ে আছে সেখানে। আর সঞ্চিতার দুই হাত মারাত্মক জখম হয়েছে। কপালে গর্ত।
এ সময় হাসপাতালে সঞ্চিতার মা কল্পনা শীল কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার মেয়ে ও জামাই ছাদ থেকে পড়ে মরতে পারে না। কেউ পরিকল্পিতভাবে তাদের খুন করেছে।’ একই অভিযোগ করে রাজীবের ভাই অভিজিৎ চৌধুরী বলেন, ‘ছাদ থেকে পড়লে আমার ভাইয়ের মাথায় কোপের চিহ্ন কেন? বৌদির হাতের রগ কাটা কেন? এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।’

রাজীব চৌধুরী ও সঞ্চিতা শীলের এই ছবি এখন শুধুই স্মৃতি । প্রথম আলো
রাজীব চৌধুরী ও সঞ্চিতা শীলের এই ছবি এখন শুধুই স্মৃতি । প্রথম আলো

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) এস এম তানভীর আরাফাত বলেন, বাসার গৃহপরিচারিকা ও স্থানীয় লোকজনের বক্তব্য শুনে মনে হচ্ছে, ছাদ থেকে অসাবধানতাবশত পড়ে গিয়ে মৃত্যু হয়েছে। রাজীবের মাথায় আঘাত ও সঞ্চিতার দুই হাতের জখম প্রসঙ্গে তিনি বলেন, ‘ইটের আঘাতের কারণে এমনটি হয়েছে। এর পরও পরিবার যেহেতু অভিযোগ করছে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আমরা নিশ্চিত হব।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক আবুল কাশেম গতকাল সন্ধ্যায় জানান, ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। প্রতিবেদন না দেওয়া পর্যন্ত এ ব্যাপারে কিছু বলা যাবে না।
ময়নাতদন্ত শেষে রাজীবের গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাঁচপুকুরিয়া এলাকায় দুজনের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে। গতকাল রাতেই তাঁদের লাশ দাহ করার কথা।
‘এখন কে আমাকে স্কুলে নিয়ে যাবে’: গতকাল বেলা সোয়া ১১টার দিকে নিহত দম্পতির বাসায় গিয়ে দেখা যায়, বসার ঘর, শোবার ঘরসহ পুরো বাসাটিই সাজানো-গোছানো। বাইরে লোকজনের ভিড়। শোবার ঘরে খাটের ওপর বসে আছে তাঁদের অবুঝ দুই শিশুকন্যা অর্পা চৌধুরী (৮) ও আদৃতা চৌধুরী (৪)। মা-বাবাকে দেখতে না পেয়ে তারা কাঁদছে। তাদের সান্ত্বনা দিচ্ছেন স্বজনেরা। আদৃতা কিছুক্ষণ কান্নাকাটি করে ঘুমিয়ে পড়ছে। ঘুম থেকে জেগে আবার কান্নাকাটি করছে।
অর্পা বলছিল, ‘প্রতিদিন বাবা-মা আমাদের দুই বোনকে ঘুম থেকে জাগিয়ে তোলেন। কখনো মা আবার কখনো বাবা আমাকে স্কুলে দিয়ে যান। এখন আমাকে কে স্কুলে নিয়ে যাবে?’ অর্পা নগরের ফিরোজশাহ ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণীর ছাত্রী।
সঞ্চিতার বোন পুষ্পিতা শীল বলেন, ‘কত দিন আমরা তাদের সান্ত্বনা দিয়ে রাখব। ভগবান দুই শিশুর দিকে কেন দেখল না? তাদের কে দেখবে? সংসার ফেলে আমরা স্বজনেরা কদিন দেখতে পারব জানি না।’
রাজীবের ভাই অভিজিৎ বলেন, ‘আমার ভাই টিউশনি করে অনেক কষ্ট করে তিলে তিলে বাড়ি বানিয়েছেন। এখন সেই বাড়িতে তিনি নেই। দুই অবুঝ শিশুকেও দেখার কেউ থাকল না।’