ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় দম্পতিসহ নয়জন নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এ নিয়ে ১০২ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত মানুষের সংখ্যা দাঁড়াল ৮৮৯ জনে।
ঢাকার বাইরে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিবেদকদের পাঠানো খবর:
টাঙ্গাইলে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার মোগলপাড়ায় সকালে বাসচাপায় এক দম্পতি নিহত হয়েছেন। তাঁরা হলেন গোপালপুর উপজেলার ডাকুরি গ্রামের সুলতান মাহমুদ (৩০) ও তাঁর স্ত্রী জুঁই আক্তার (২৬)। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন বলেন, মাহমুদ তাঁর স্ত্রী ও শিশুসন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে কালিহাতী থেকে গোপালপুরে যাচ্ছিলেন। মোগলপাড়ায় একটি বাস পেছন থেকে তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাহমুদ নিহত এবং তাঁর স্ত্রী ও ছেলে আহত হয়। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পর মারা যান জুঁই। ময়মনসিংহে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার কাঁঠালি এলাকায় সকালে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে দেলোয়ার হোসেন (৬০) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। তাঁর বাড়ি ঢাকার যাত্রাবাড়ী এলাকায়। একই উপজেলার মাস্টারবাড়ি এলাকায় বেলা ১০টার দিকে বাসচাপায় মোটরসাইকেল আরোহী সাদেকুল ইসলাম (৩০) ও তাঁর ছয় বছর বয়সী ছেলে সালমান গুরুতর আহত হয়। দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সালমান মারা যায়। সাদেকুল ভালুকার নয়নপুর গ্রামের বাসিন্দা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার খাদঘর এলাকায় গতকাল সকালে কাভার্ড ভ্যানের চাপায় আলী আকবর (৮০) ও কবির হোসেন (৫০) নামে দুই ব্যক্তি নিহত হন। তাঁরা জেলার মুরাদনগর উপজেলার ধরানীপাড়া এলাকার বাসিন্দা। হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, ভোরে মহাসড়কের পাশে ওই দুই ব্যক্তি দাঁড়িয়ে ছিলেন। ঢাকা থেকে কুমিল্লাগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের লাগোয়া খাদে পড়ে যায়। এ সময় ওই কাভার্ড ভ্যানের চাপায় তাঁরা ঘটনাস্থলেই মারা যান। চুয়াডাঙ্গার দামুড়হুদার দেউলী গ্রামে সকালে নির্মাণসামগ্রীবাহী পাওয়ার টিলারের চাপায় সম্রাট হোসেন (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়। সে ওই গ্রামের মহসীন আলীর ছেলে। তার চাচাতো ভাই আহসান হাবীব বলেন, প্রাইভেট পড়ে হেঁটে বাড়ি যাচ্ছিল সম্রাট। এ সময় পাওয়ার টিলারটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঢাকা-সিলেট মহাসড়কে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় বেলা ১১টার দিকে বাসচাপায় রমজান মিয়া (৩০) নামে এক সবজি বিক্রেতা নিহত হন। তিনি উপজেলার মৈকুলী এলাকার বাসিন্দা। রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন বলেন, রমজান ভ্যানে করে বরপা এলাকায় সবজি বিক্রি করছিলেন। এ সময় একটি বাস পেছন থেকে তাঁর ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় হরিণাকুণ্ডু-তৈলটুপি সড়কের রামনগর বটতলা এলাকায় সকালে নছিমন চাপায় জুনায়েদ হোসেন (৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়।