দম্পতিসহ তিনজন গ্রেপ্তার জবানবন্দি দিলেন সাইফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ যেন নতুন জীবন ফিরে পাওয়া। অপহরণের দুঃসহ স্মৃতি ভুলে পরিবারের সান্নিধ্যে ব্যবসায়ী সৈয়দ সাইফুল ইসলাম। বাবাকে ফিরে পেয়ে আপ্লুত সন্তানেরাও। গতকাল তাঁর সিদ্ধিরগঞ্জের বাড়ি থেকে তোলা ছবি  প্রথম আলো
এ যেন নতুন জীবন ফিরে পাওয়া। অপহরণের দুঃসহ স্মৃতি ভুলে পরিবারের সান্নিধ্যে ব্যবসায়ী সৈয়দ সাইফুল ইসলাম। বাবাকে ফিরে পেয়ে আপ্লুত সন্তানেরাও। গতকাল তাঁর সিদ্ধিরগঞ্জের বাড়ি থেকে তোলা ছবি প্রথম আলো

নারায়ণগঞ্জের ব্যবসায়ী সাইফুল ইসলামকে অপহরণের ঘটনায় জড়িত অভিযোগে গতকাল শনিবার এক দম্পতিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ইউনুস আলী, তাঁর স্ত্রী নূরজাহান বেগম ও বিকাশের ব্যবসায়ী মো. আকাশ।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল পৃথক সময়ে দক্ষিণ যাত্রাবাড়ী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে।
ডিবি পুলিশের কর্মকর্তারা জানান, বিকাশের মাধ্যমে টাকা লেনদেনের পুরো প্রক্রিয়া ঠিক করে সাইফুলকে অপহরণের পুরো পরিকল্পনা করেছিলেন আকাশ। ঘটনার আদ্যপান্ত জানতে তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনায় আর কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
গত বৃহস্পতিবার রাতে অপহরণের শিকার হন ব্যবসায়ী সাইফুল। শুক্রবার রাতে সাভারের নবীনগর এলাকায় তাঁকে হাত-পা বেঁধে ফেলে যায় অপহরণকারীরা। নারায়ণগঞ্জে কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণের পর হত্যার মধ্যে সাইফুলকে অপহরণের ঘটনাটি ঘটে। এতে নারায়ণগঞ্জ এলাকায় ব্যাপক ক্ষোভ দেখা দেয়।
এদিকে সিদ্ধিরগঞ্জের এই ব্যবসায়ী সাইফুল ইসলামকে গতকাল বিকেলে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিনের আদালতে আনা হলে সেখান তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তবে আদালত থেকে বেরিয়ে তিনি সাংবাদিকের সঙ্গে কোনো কথা বলতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, যা বলার তিনি উদ্ধারের পর গণমাধ্যমকর্মীদের সামনে বলেছেন। নতুন করে তাঁর বলার কিছু নেই।
গতকাল বিকেলে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাইফুল ইসলামকে অপহরণের ব্যাপারে জেলা পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন বলেন, তাঁকে অপহরণ করে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় রাখা হয়েছে—এমন খবরের ভিত্তিতে সেখানে পুলিশ অভিযান চালাতে যায়। পুলিশের অভিযানের খবর পেয়ে অপহরণকারীরা সাইফুল ইসলামকে ঢাকা-আরিচা মহাসড়কে ফেলে রাখে।