দর কম, ডিসিসির না, তবু হাট পেতে তৎপরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় দফা দরপত্রেও রাজধানীর হাজারীবাগ ও গোলাপবাগ কোরবানির পশুর হাটের ইজারামূল্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিসিসি) প্রত্যাশার ধারেকাছে যায়নি। তাই এই দুই জায়গায় হাট বসাতে চাইছে না তারা। কিন্তু হাট পেতে তৎপর রাজনৈতিক প্রভাবপুষ্ট ব্যক্তিরা।  

এবার রাজধানীতে ১৮টি অস্থায়ী পশুর হাট বসানোর কথা ছিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের। এর মধ্যে উত্তরে সাতটি ও দক্ষিণে ১১টি হাটের ইজারা আহ্বান করা হয়। সব হাটের ইজারা-প্রক্রিয়া শেষ হয়েছে। তবে ঢাকার উত্তর সিটি করপোরেশনের খিলক্ষেত এবং দক্ষিণ সিটি করপোরেশনের হাজারীবাগ, গোলাপবাগ, লালবাগ, উত্তর শাজাহানপুর ও কামরাঙ্গীরচর হাটের দর সন্তোষজনক না হওয়ায় ২২ সেপ্টেম্বর তৃতীয় দফা দরপত্র আহ্বান করা হয়। কিন্তু এবারও প্রত্যাশার প্রায় অর্ধেক দর উঠেছে হাজারীবাগ ও গোলাপবাগ হাটে। হাজারীবাগ পশুর হাটটি ৫৫ লাখ ৩৪ হাজার টাকায় জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে গত ঈদে ইজারা দেওয়া হয়েছিল। এবার একই ব্যক্তি সর্বোচ্চ দর প্রস্তাব করেছেন ২০ লাখ এক হাজার টাকা। গোলাপবাগ হাটের ইজারা গত বছর ছিল ৬১ লাখ ৬৬ হাজার টাকা। এবার মাত্র ৩৬ লাখ টাকা দর দিয়েছেন হামিদউল্লাহ। বাকি চারটি হাটের ইজারা দ্বিতীয় দফা দরপত্র মূল্যেই ছেড়ে দেওয়া হয়েছে।

এ অবস্থায় হাজারীবাগ ও গোলাপবাগে পশুর হাট বসাতে আপত্তি জানিয়ে ২৫ সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে (এলজিআরডি) চিঠি দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদ প্রথম আলোকে বলেন, আর্থিক ক্ষতির কারণে এ দুটি জায়গায় হাট বসাতে আপত্তি জানানো হয়েছে। তবে এলজিআরডি মন্ত্রণালয়ই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

মন্ত্রণালয়ের কাছ থেকে হাটের অনুমতি পাওয়ার চেষ্টা করছেন গোলাপবাগ হাটের দরপত্রে অংশ নেওয়া হামিদউল্লাহ। তিনি বলেন, দরপত্র কিনতে আড়াই লাখ টাকা খরচ হয়েছে। এখন সিটি করপোরেশন বলছে হাট বসানো হবে না।

নিজেকে স্থানীয় আওয়ামী লীগের সমর্থক দাবি করে হামিদউল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আগের বার জিদাজিদি কইর‌্যা ৬১ লাখ টাকায় ইজারা উঠছিল। হাটের দর ৩০ লাখ টাকার বেশি উঠলে লস হয়। এমপি সাহেব (হাবিবুর রহমান মোল্লা) ও শাওন ভাই (ভোলা-৩-এর সাংসদ) কওনে তৃতীয় টেন্ডারে ৩৬ লাখ টাকা দর দিছি। লিফলেট, ক্যাশ মেমো ছাপাইয়া ফেলছি। অহন শুনি হাট বাতিল।’

২০১৩ সালে ৫৫ লাখ টাকায় হাজারীবাগ হাটের ইজারা নেন জাহিদুল ইসলাম। এবার তৃতীয় দফা দরপত্রে তিনিই ২০ লাখ টাকা হেঁকে সর্বোচ্চ দরদাতা। জাহিদুলের বাবা হেদায়েতুল ইসলাম স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তাঁর বড় ভাই তারিকুল ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা।

তারিকুল ইসলাম বললেন, ‘এখনো হাট বাতিল হয় নাই। বাতিল করবে এলজিআরডি। আমরা ওখানে যোগাযোগ করছি।’

চূড়ান্ত সিদ্ধান্ত যা-ই হোক, হাজারীবাগ ও গোলাপবাগে অঘোষিত পশুর হাট বসে যেতে পারে বলে আশঙ্কা করছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বললেন, এ দুটি হাট বসাতে তাঁদের ওপর প্রশাসনিক ও রাজনৈতিক চাপ আছে।

অবশ্য দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনসার আলী বলেন, ‘আমরা ঢাকায় অবৈধ কোনো হাট বসাতে দেব না।’