নিজস্ব প্রতিবেদক
সরকার নির্ধারিত দরের চেয়ে কম দর পড়ায় পরপর তিনবার দরপত্র আহ্বান করেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) চারটি এবং উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুটি অস্থায়ী হাটের দরপত্র চূড়ান্ত করা যায়নি। এ অবস্থায় করণীয় ঠিক করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দ্বারস্থ হচ্ছে করপোরেশন।
ঈদুল আজহা উপলক্ষে গত ২৬ জুলাই ডিএসসিসির ১৩ হাটের মধ্যে ৮টি এবং ১০ আগস্ট একটি হাট ইজারা দেওয়া হয়। ৬ কোটি ২৯ লাখ ৭ হাজার ৫০০ টাকায় ৯টি হাট ইজারা দেয় ডিএসসিসি। প্রতিটি হাট বরাদ্দ পেয়েছেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা।
নির্ধারিত মূল্যের চেয়ে দর কম হওয়ায় বাকি চারটি হাটের জন্য পরপর তিনবার দরপত্র আহ্বান করা হয়। প্রতিবারই সরকার নির্ধারিত দরের চেয়ে কম দর ওঠে। হাট চারটি হচ্ছে সাদেক হোসেন খোকা মাঠ, গোপীবাগ বালুর মাঠ, আরমানিটোলা মাঠ ও কমলাপুর স্টেডিয়ামের আশপাশ। গত সোমবার সর্বশেষ দরপত্র খুলেও হতাশ হয় ডিএসসিসি।
ডিএসসিসির সম্পত্তি বিভাগের একজন কর্মকর্তা বলেন, ঈদের বাকি আছে আর কয়েক দিন। এই সময়ে বাকি হাটগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া কঠিন। নির্দিষ্ট সময়ের আগে এই হাটগুলোর দরপত্র চূড়ান্ত না করতে পারলে ভোগান্তিতে পড়বেন স্থানীয় লোকজন। ডিএসসিসিও রাজস্ব থেকে বঞ্চিত হবে। তিনি বলেন, প্রতিবছর ২৫ শতাংশ হারে কোরবানির পশুর হাটের দর বাড়ানো হয়। এর মধ্যে কয়েক বছর ধরে ঠিকাদার প্রতিষ্ঠানগুলোর মধ্যে হাট পাওয়া নিয়ে প্রতিযোগিতা শুরু হয়। কিন্তু এবার এই হাটগুলো নিয়ে সমস্যায় পড়তে হয়েছে।
এর মধ্য আরমানিটোলা মাঠে পশুর হাট না বসাতে উচ্চ আদালতে রিট করেন আরমানিটোলা সমাজ কল্যাণ সংসদের সাধারণ সম্পাদক জাকির হোসেন। এর আগে এই হাটের ইজারা বাতিল করতে ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বরাবর আবেদন করেছেন স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক ও শিক্ষাপ্রতিষ্ঠান। গত ১১ জুলাই ‘এই মাঠে কেন পশুর হাট’ শিরোনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়।
জানতে চাইলে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আরমানিটোলা মাঠে হাট বসানোর বিষয়ে আদালত আমাদের কাছে ব্যাখ্যা চেয়েছিলেন। এর মধ্যে পরপর তিনবার এই মাঠে সরকার নির্ধারিত মূল্য পাওয়া যায়নি। তাই সবকিছু বিবেচনা করে এই মাঠে হাট ইজারা বাতিল করা হয়েছে। বাকি হাটগুলোর বিষয়ে করণীয় নির্ধারণ করতে বুধবার (আজ) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করা হবে। মন্ত্রণালয় পরবর্তী সিদ্ধান্ত নেবে।’
ডিএনসিসি: ডিএনসিসির সম্পত্তি বিভাগ সূত্র জানায়, এবার ডিএনসিসি এলাকার নয়টি স্থানে অস্থায়ী পশুর হাটের দরপত্র আহ্বান করা হয়। ১৩ জুলাই সাতটি হাটের দরপত্র চূড়ান্ত করা হয়। কিন্তু সরকার নির্ধারিত দরের চেয়ে কম পড়ায় তিন দফা দরপত্র আহ্বান করেও খিলক্ষেত বনরূপা আবাসিক এলাকার খালি জায়গা ও আশিয়ান সিটি হাউজিং এলাকার খালি জায়গায় অস্থায়ী হাটের দরপত্র চূড়ান্ত করতে পারেনি ডিএনসিসি। তাই কয়েক দিন আগে করণীয় নির্ধারণ করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। এখনো কোনো সুরাহা হয়নি।