দর-কষাকষি করে সমাধান চাইলেন শাজাহান খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলা একটায় কারখানা বন্ধ হয়ে গিয়েছিল। আশুলিয়া থেকে বাসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এসেছিলেন পোশাকশিল্পের শ্রমিক জহুরুল ইসলাম। গতকাল দুপুরে সেখানে ছিল পোশাকশিল্প শ্রমিকদের মহাসমাবেশ। আয়োজকেরা, যাঁরা বাস ভাড়া করে নিয়ে এসেছিলেন, তাঁদের কাছে জহুরুল জেনেছিলেন শ্রমিকের ন্যূনতম মজুরি আট হাজার টাকা বৃদ্ধির জন্য যে কথা হচ্ছে, সমাবেশে এর ঘোষণা হবে।
সমাবেশের আয়োজক গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক এবং নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান শ্রমিকনেতা বটে, কিন্তু এ ঘোষণা দেওয়ার সঠিক ব্যক্তি তিনি নন। জহুরুলের মতো অনেকের কাছে সেটা অজানা। শাজাহান খানও মজুরি বৃদ্ধির দায়টা দিয়ে দিলেন প্রধানমন্ত্রীকে। কেননা, বর্তমান প্রধানমন্ত্রীর সময়েই ২০১০ সালে এক হাজার ৬৩২ টাকার মজুরি তিন হাজার টাকা হয়েছিল। নৌপরিবহনমন্ত্রী বললেন, ‘মালিকদের কাছ থেকে মজুরি আদায়ের জন্য আপনার (প্রধানমন্ত্রী) সদয় হস্তক্ষেপ চাই।’ প্রধানমন্ত্রীকে দায়িত্ব দেওয়ার পাশাপাশি তিনি মালিকদেরও বিবেক দিয়ে বিচার করতে বললেন।
সমাবেশে অন্য বক্তাদের প্রায় সবাই পোশাকশিল্পের শ্রমিকদের আট হাজার ১১৪ টাকা দাবির বিষয়ে একচুল সরে না আসার ঘোষণা দিলেও শাজাহান খান কিন্তু ‘দর-কষাকষি করে একটা সমাধানে পৌঁছার’ ফাঁকটুকু রাখলেন। তবে এ-ও স্মরণ করিয়ে দিতে ভুললেন না, এতে করে কেউ যাতে তাঁকে মালিকের পক্ষের লোক না ভাবে। যদিও পোশাকশ্রমিকদের সমাবেশে আসা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বললেন, পোশাকশ্রমিকদের দায়িত্ব নিয়ে শাজাহান খানও পরিবহন শ্রমিকদের মতো এঁদের সব সুবিধা নিশ্চিত করতে পারবেন। ‘বাঁচার মতো মজুরি ঘোষণা, গার্মেন্টস ভাঙচুর বন্ধ, জিএসপি-সুবিধা পুনর্বহাল এবং নারী শ্রমিকদের গৃহবন্দী করার ষড়যন্ত্রের বিরুদ্ধে’ এ সমাবেশে শাজাহান খানের বক্তব্যে শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে এটুকু কথার বাইরে ছিল এ সরকারের আমলে পোশাকশিল্পের শ্রমিকদের জন্য কাজের ফিরিস্তি, যুদ্ধাপরারাধীদের বিচারের দাবিতে সবাইকে এক হওয়ার আহ্বান।
সমাবেশে শ্রমিক নেত্রী শিরীন আখতারসহ অনেকেই হেফাজতে ইসলামের নেতা আল্লামা শফির বিচার চান। পোশাক কারখানার মালিকপক্ষ শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে মজুরি ৬০০ টাকা বাড়ানোর যে প্রস্তাব দিয়েছে, শ্রমিকনেতা আবুল হোসেনসহ সবাই তা প্রত্যাখ্যান করলেন। সমাবেশে ঘোষণাপত্র পাঠ করেন শ্রমিকনেতা বদরুদ্দোজা মিলন।