দর-কষাকষির জের, এক ছাত্রকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দর-কষাকষিতে অতিষ্ঠ হয়ে রাজশাহীতে একটি পুরোনো বইয়ের দোকানি গতকাল শনিবার এক কলেজছাত্রকে মারধর করেছেন। পরে ওই ছাত্র তাঁর সহপাঠীদের নিয়ে এসে ওই দোকানির ওপর হামলা চালান। খবর পেয়ে পুলিশ এলে হামলাকারী ছাত্ররা পালিয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে ১২টার দিকে আলমগীর হোসেন নামের রাজশাহী কলেজের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্র নগরের সোনাদিঘির মোড়ে একটি পুরোনো বইয়ের দোকানে বই কিনতে আসেন। এ সময় বেশি দর-কষাকষিতে অতিষ্ঠ হয়ে আলমগীরকে দোকানি তারিকুল ইসলাম ও তাঁর এক সহকর্মী মারধর করেন। এতে আলমগীরের নাক ফেটে রক্ত বের হয়।
এ অবস্থায় আলমগীর কলেজে ফিরে যান। কিছুক্ষণ পর আলমগীর লাঠিসোঁটাসহ তাঁর সহপাঠীদের নিয়ে এসে দোকানির ওপর হামলা চালান। এ সময় পাশের দোকানিরাও হামলায় জড়িয়ে পড়েন। খবর পেয়ে বোয়ালিয়া থানার পুলিশ এলে ছাত্ররা চলে যান।