দর নেই পশুর হাটের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরবানির পশু কেনাবেচার জন্য ১৬টি হাটের দরপত্র চেয়েছিল ঢাকার দুই সিটি করপোরেশন। কিন্তু ১০টি হাটের দর উঠেছে গত তিন বছরের মধ্যে সবচেয়ে কম। তাই তা বাতিল করে দুই সিটি করপোরেশন নতুন করে দরপত্র চেয়েছে।
সিটি করপোরেশনের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সরকারি দলের নেতা-কর্মীদের সিন্ডিকেটের কবলে পড়েছে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের অস্থায়ী কোরবানির পশুর হাটগুলো। নামে-বেনামে হাট ইজারা নেওয়ার নানা অপকৌশল করেছেন এসব নেতা-কর্মী। তাঁদের প্রভাবের কারণেই হাটগুলোর দর আগের চেয়ে কম হয়েছে।
কোরবানির পশু কেনাবেচার জন্য রাজধানীতে ২০টি হাটের পরিকল্পনা নিয়েছিল দুই সিটি করপোরেশন। পরে পুলিশসহ বিভিন্ন সংস্থার আপত্তি ও যাচাই-বাছাই করে কয়েকটি হাট বাতিল করা হয়। শেষ পর্যন্ত ১৭টি হাট রাখার সিদ্ধান্ত হয়। এর মধ্যে গাবতলি পশুর হাটটি স্থায়ী হওয়ার কারণে ঈদের হাট হিসেবে ইজারায় আসেনি। ১৬টি হাটের ইজারার জন্য দরপত্র আহ্বান করে দুই সিটি করপোরেশন। এর মধ্যে দক্ষিণ সিটি করপোরেশনের হাট ১০টি এবং উত্তর সিটি করপোরেশনের হাট আছে ছয়টি। উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দরপত্র গ্রহণের শেষ দিন ছিল ১১ আগস্ট এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১২ আগস্ট। দরপত্র বাছাই করে দেখা যায় যে বেশির ভাগ হাটে দর পড়েছে অনেক কম।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি বিভাগের একজন কর্মকর্তা জানান, ১০টি হাটের মধ্যে জিগাতলা-হাজারীবাগ মাঠের ইজারায় মাত্র একটি দরপত্র জমা পড়ে। অথচ এই হাটটির জন্য ১৯টি দরপত্র বিক্রি হয়েছিল। একটি দরপত্র জমা দিয়েছিলেন মাসুদ রানা নামের এক ব্যক্তি। তিনি হাজারীবাগে ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। তিনি ইজারার জন্য ৪৫ লাখ টাকা দর হাঁকেন। গত বছর এই হাটের দর ছিল ৪৫ লাখ ৬০ হাজার টাকা। একইভাবে কম দর উঠেছে রহমতগঞ্জ খেলার মাঠ হাট, মেরাদিয়া বাজার হাট, উত্তর শাহজাহানপুর রেলওয়ে বাজার হাট, ধূপখোলার মাঠ, কামরাঙ্গীরচর ইসলাম চেয়ারম্যানের বাড়ির
মোড়ের হাটের। এ ছয়টি হাটের নতুন করে দরপত্র চাওয়া হয়েছে। উত্তর শাহজাহানপুরে খিলগাঁও রেলগেট বাজারসংলগ্ন মৈত্রী সংঘের মাঠ হাটের জন্য দরপত্র জমা দিয়েছিলেন ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন। ৩ সেপ্টেম্বর দরপত্র জমা দেওয়ার শেষ দিন।
দক্ষিণ সিটি করপোরেশনের যে চারটি হাটের ইজারা চূড়ান্ত হয়েছে, সেগুলো হলো সাদেক হোসেন খোকা মাঠ, ব্রাদার্স ইউনিয়নসংলগ্ন বালুর মাঠ, পোস্তগোলা শ্মশানের খালি জায়গা ও লালবাগের হাজি দেলোয়ার হোসেন খেলার মাঠ।
নগর ভবনের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, এবারও সাধারণ ইজারাদারেরা যাতে দরপত্র জমা দিতে না পারেন, তার চেষ্টা চলছে। ক্ষমতাসীন দলের লোকজন প্রতিদিনই নগর ভবনে মহড়া দিচ্ছেন।
জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদ প্রথম আলোকে বলেন, কেউ যাতে দরপত্র জমায় বাধাগ্রস্ত না হন, সে জন্য নগর ভবনের বাইরে আঞ্চলিক অফিস, পুলিশ কমিশনারের কার্যালয়সহ অনেক স্থানে শিডিউল বিক্রি ও জমা দেওয়ার ব্যবস্থা আছে। এর বাইরে গিয়ে কেউ সিন্ডিকেট করলে সে ব্যাপার করপোরেশনের কিছুই করার নেই।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে খোঁজ নিয়ে জানা গেছে, ছয়টি হাটের মধ্যে উত্তর ১৫ ও ১৬ নম্বর এবং বনরূপা হাটের দর ঠিক হয়েছে। কিন্তু মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকা, রায়েরবাজার, কুড়িল পুলিশ হাউজিং সোসাইটি ও বাউনিয়া বঙ্গবন্ধু কলেজ মাঠ হাটের জন্য নতুন করে দর চাওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, উত্তর সিটি করপোরেশনেও সিন্ডিকেট সক্রিয় রয়েছে।
জানতে চাইলে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, কেনার পর দরপত্র জমা দিতে পারেননি এমন অভিযোগ কেউ করেননি। দর কম পাওয়ায় দরপত্র বাতিল করা হয়েছে বলে তিনি জানান।