দরকার অ্যাম্বুলেন্স, দেওয়া হয়েছে নৌ-অ্যাম্বুলেন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মুমূর্ষু রোগীদের সড়কপথে অন্যত্র স্থানান্তরের জন্য প্রয়োজন অ্যাম্বুলেন্স। পৌনে তিন বছর আগে এখানে বরাদ্দ দেওয়া হয়েছে একটি নৌ-অ্যাম্বুলেন্স। কিন্তু এটি রোগীদের কোনো কাজেই আসেনি। উপরন্তু অ্যাম্বুলেন্সের অভাবে দ্রুত অন্য হাসপাতালে নিতে না পারায় রোগী মারা যাওয়ার ঘটনাও ঘটেছে। এ ছাড়া বাইরে থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করতে গিয়ে রোগীদের স্বজনদের অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে।

 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ২০১১ সালের ১৬ আগস্ট এ হাসপাতালের জন্য একটি নৌ-অ্যাম্বুলেন্স বরাদ্দ দেয়। চালক না থাকায় এক দিনের জন্যও এটি চালু করা সম্ভব হয়নি। ছয় মাস ধরে নৌ-অ্যাম্বুলেন্সেটি স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে শয়তানখালী খালের পশ্চিম পাড়ে পড়ে আছে। বছর খানেক আগে এটির ইঞ্জিন খুলে কমপ্লেক্সের আবাসিক ভবনের একটি কক্ষে রেখে দেওয়া হয়েছে।

দুধবহর গ্রামের বাসিন্দা আবদুল কদ্দুস বলেন, ‘৭ জুলাই আমার বড় ভাই আবদুল কাদির সিদ্দিকীকে (৫৭) এ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। কিন্তু অ্যাম্বুলেন্স আনতে গিয়েই কয়েক ঘণ্টা সময় পার হয়ে যায়। ফলে যথাসময়ে তাঁকে নিয়ে যেতে না পারায় পথেই তাঁর মৃত্যু হয়। সময়মতো চিকিৎসা পেলে এ ঘটনা হয়তো ঘটত না।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ঝন্টু সরকার বলেন, হাওরবেষ্টিত উপজেলা হওয়ায় এখানে নৌ-অ্যাম্বুলেন্স বরাদ্দ দেওয়া হয়েছিল।

কিন্তু এর জ্বালানি খরচ খুব বেশি এবং চালকও নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চালক চাওয়ার পরও পাওয়া যায়নি। এ কারণে এটি চালু করা সম্ভব হয়নি। কিন্তু নৌপথে জেলা সদরে যেতে সময় বেশি লাগায় এ উপজেলার লোকজন সড়ক পথে ময়মনসিংহে গিয়ে চিকিৎ​সা নেন। এখানে একটি অ্যাম্বুলেন্স বরাদ্দ চেয়ে তিনি সিভিল সার্জনের কার্যালয়ে আবেদন করেছেন।

ধরমপাশা গ্রামের বাসিন্দা মামুনুর রহমান বলেন, ‘ধরমপাশা থেকে সড়কপথে সহজে সুনামগঞ্জ জেলা সদরে ​যাওয়া যায় না। নৌপথে যাওয়া সহজ হলেও সময় লাগে সাত থেকে আট ঘণ্টা। অথচ দুই ঘণ্টায় সড়কপথে ময়মনসিংহ গিয়ে উন্নত চিকিৎ​সা সেবা পাওয়া সম্ভব। এ কারণে এ উপজেলার মানুষের কথা চিন্তা করে এখানে একটি অ্যাম্বুলেন্স বরাদ্দ দেওয়া প্রয়োজন।