দরকার দীর্ঘমেয়াদি মনোচিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঙ্গু হাসপাতালে চিকিত্সাধীন লিমা ও তোফাজ্জেল। কুড়িয়ে পাওয়া ককটেলকে বল মনে করে ধরতেই আঙুল উড়ে যায় ওদের  ছবি: প্রথম আলো
পঙ্গু হাসপাতালে চিকিত্সাধীন লিমা ও তোফাজ্জেল। কুড়িয়ে পাওয়া ককটেলকে বল মনে করে ধরতেই আঙুল উড়ে যায় ওদের ছবি: প্রথম আলো

চলমান রাজনৈতিক সহিংসতার শিকার শিশুদের মনে এসব ঘটনা দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে। কমে আসবে মানবিক মূল্যবোধগুলো। এসব ঘটনার স্মৃতি তাদের তাড়া করবে জীবনভর।
মনোচিকিৎসকেরা এ ধরনের সমস্যা মোকাবিলায় দীর্ঘমেয়াদি মনস্তাত্ত্বিক চিকিৎসা, শিশুদের শিক্ষাসহ সার্বিক পুনর্বাসনের নিশ্চয়তাসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন।
মনোবিজ্ঞানী মেহতাব খানম প্রথম আলোকে বলেন, রাজনৈতিক সহিংসতার সরাসরি শিকার শিশুদের মনের যে ক্ষত তা পরিমাপও করা যাবে না। তাদের মানসিক বিকাশটাই বাধাগ্রস্ত হয়ে পড়বে। এ ধরনের ঘটনায় শিশুদের মনের কোমলতা, মানবিক বোধসম্পন্ন অনুভূতি এবং সহনশীলতা কমতে থাকে।
বিভিন্ন হাসপাতাল থেকে পাওয়া তথ্যানুযায়ী, সারা দেশে গত ২৬ অক্টোবর থেকে এ পর্যন্ত বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা হরতাল ও অবরোধে ককটেল বিস্ফোরণ ও পরিবহনে আগুন, কাদের মোল্লার ফাঁসির পর জামায়াতের তাণ্ডবে এ পর্যন্ত প্রায় প্রতিবন্ধীসহ ২০ শিশু হতাহত হয়েছে। এদের মধ্যে দুই কিশোর ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে।

দ্বিতীয় শ্রেণীতে ওঠার কথা ছিল সুমীর। কিন্তু অবরোধের আগুন ওকে পরীক্ষা দিতে দেয়নি। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিত্সাধীন সে  ছবি: প্রথম আলো
দ্বিতীয় শ্রেণীতে ওঠার কথা ছিল সুমীর। কিন্তু অবরোধের আগুন ওকে পরীক্ষা দিতে দেয়নি। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিত্সাধীন সে ছবি: প্রথম আলো

৩ নভেম্বর হরতালের আগের দিন নেত্রকোনা থেকে দাদির সঙ্গে বাসে চড়ে রাজধানীর উত্তরায় ফুফুর বাসায় বেড়াতে আসছিল সুমি। বাসটি জয়দেবপুর চৌরাস্তায় এলে কয়েকজন আগুন ধরিয়ে দেয়। এক মাস পার হয়ে গেলেও দগ্ধ সুমি এবং তার দাদি এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
গত বৃহস্পতিবার হাসপাতালে গিয়ে দেখা যায়, বিছানায় শুয়ে একটি পুতুল দিয়ে খেলার চেষ্টা করছে সুমি। ডান হাতের কুঁকড়ে যাওয়া আঙুলগুলো এখনো দগদগ করছে। দুই পায়ের ঘা কিছুটা শুকিয়েছে, কিন্তু মাথার তালুতে পোড়া জায়গাটুকুর দিকে তাকানোও যায় না। মুখসহ সারা শরীরেও আগুনের চিহ্ন।
ঘটনার কথা জানতে চাইলে সুমি বলে, ‘হরতালের আগের দিন বাসে আগুন লাগে। মানুষের ঠেলাঠেলিতে আমি বাসের সিটের নিচে চইল্যা যাই। আর বার হইতে পারি না। তারপর দাদি আমারে টাইন্যা সিটের নিচ থেইক্যা বাইর করছে।’
সুমির দাদি রহিমা বেগম নারী ওয়ার্ডে চিকিৎসাধীন। রহিমা বেগম বলেন, ‘সুমি তো ছোট মানুষ, আমি বুড়া মানুষ হইয়াই ভয়ে বাঁচি না। চোখের সামনে খালি আগুন দেহি।’
প্রথম শ্রেণী থেকে এবার দ্বিতীয় শ্রেণীতে ওঠার কথা ছিল সুমির। তবে সে বার্ষিক পরীক্ষা দিতে পারেনি।
সুমির মা রুবিনা বেগম বলেন, ‘মেয়ে ঘুমের মইধ্যে ফাল দিয়া উঠে। আগুন আগুন কইরা চিৎকার দেয়।’ হাসপাতালে মায়ের সঙ্গে থাকা সুমির তিন বছর বয়সী ছোট বোন প্রথম দিকে ভয়ে দাদি ও সুমির কাছে ঘেঁষত না। এখন আস্তে আস্তে ভয়টা কমেছে।
কুড়িয়ে পাওয়া ককটেলকে খেলার বল মনে করে হাতে নেওয়ায় সাড়ে তিন বছরের শিশু লিমা ডান হাতের চারটি এবং শিশু তোফাজ্জল ডান হাতের তিনটি আঙুল হারায়। ককটেল বিস্ফোরণে চোখ হারিয়েছে নয় বছরের রহিমা আক্তার। ঝলসে গেছে ১০ বছরের মো. মুরাদ। বর্তমানে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) লিমা ও তোফাজ্জল চিকিৎসাধীন।
মনোচিকিৎসক মোহিত কামাল বলেন, হঠাৎ ঘটে যাওয়া ঘটনাটির প্রভাবে এই শিশুদের উদ্বেগ এবং বিষণ্নতায় আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্য শিশুদের তুলনায় বেড়ে যায়। মানসিক ট্রমা বা চাপ এ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমিয়ে দেয়।
খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মানসিক চিকিৎসা বা পরিচর্যার কোনো ব্যবস্থা নেই। তবে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ সরকারি বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে মানসিক আঘাতপ্রাপ্ত ব্যক্তিদের জন্য বিশেষ ব্যবস্থা আছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রতিষ্ঠাতা পরিচালক সামন্ত লাল সেন বলেন, বর্তমানে রাজনৈতিক সহিংসতার শিকার শিশুদের প্রায় বেশির ভাগের পরিবারই দরিদ্র এবং স্বল্প শিক্ষিত। এই শিশুদের শারীরিক চিকিৎসার পাশাপাশি মানসিক চিকিৎসা খুবই জরুরি।