নারী নির্যাতন বিষয়ে রাষ্ট্র তথা বিচারব্যবস্থা যত দ্রুত সময়োচিত ব্যবস্থা নেবে তত দ্রুত সুবিচার প্রাপ্তি নিশ্চিত হবে। নারী নির্যাতন প্রতিরোধে চলমান মামলাগুলোর অবস্থা পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নিতে হবে। দরকার বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগেরও।
গতকাল বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইড উপপরিষদের উদ্যোগে সুফিয়া কামাল ভবন মিলনায়তনে আয়োজিত এক কর্মশালা ও মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন। বাংলাদেশ মহিলা পরিষদ এ কর্মশালার আয়োজন করে।
বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আয়শা খানম বলেন, নারী নির্যাতন বন্ধের কাজ দুরূহ কাজ। মহিলা পরিষদ সাধ্যমতো এ কাজ করে যাচ্ছে। নারী নির্যাতন প্রতিরোধে বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।
সংগঠনের ভারপ্রাপ্ত সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ বলেন, ‘আমরা এ দেশে এমন একটি সমাজ ও রাষ্ট্রব্যবস্থা নিশ্চিত করতে চাই যেখানে কোনো শিশু বা নারী নির্যাতনের শিকার হবে না।’
কর্মশালায় সংগঠনের সহসাধারণ সম্পাদক মাসুদা রেহানা, লিগ্যাল এইড সম্পাদক সাহানা কবীর প্রমুখ বক্তব্য দেন।