রাজধানীতে এক সেমিনারে বিশেষজ্ঞ বক্তারা বলেছেন, আঞ্চলিক সংযোগের জন্য শুধু সড়ক যোগাযোগ প্রতিষ্ঠা যথেষ্ট নয়। ভাবনা, সৃজনশীলতা আর মানুষে মানুষে যোগাযোগ প্রতিষ্ঠা করা গেলে সংযোগ কার্যকর ও টেকসই হবে।
গতকাল শনিবার রাজধানীর বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস-বিস) মিলনায়তনে আয়োজিত এ সেমিনারের শিরোনাম ছিল ‘আঞ্চলিক সংযোগ: বাংলাদেশ কীভাবে উপকৃত হবে’। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) এটির আয়োজন করে।
সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যাপক আতাউর রহমান।
সেমিনারে মূল প্রবন্ধ পড়েন মো. খালেক ও হারুনুর রশীদ। প্রাবন্ধিকেরা বলেন, ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল ও ভুটানে পণ্য পাঠানোর সুযোগ কাজে লাগিয়ে উপকৃত হতে পারে বাংলাদেশ।
বিশেষ অতিথির বক্তৃতায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেন, সংযোগের মাধ্যমে পণ্য ও যান চলাচলের কথা বলা হলেও এখানে মূল বিষয়টি হচ্ছে মানুষে মানুষে যোগাযোগ। সহায়ক পরিবেশ ছাড়া সংযোগ কার্যকর হয় না।
বাংলাদেশ-ভারত সম্পর্কের প্রসঙ্গ টেনে আকবর আলি খান মন্তব্য করেন, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে, বিএসএফ নিরস্ত্র বাংলাদেশিদের হত্যা করছে। এমন পরিস্থিতিতে সড়ক অবকাঠামোর উন্নয়নে হয়তো বাণিজ্য বাড়তে পারে, সংযোগ হবে না।
বিশেষ অতিথির বক্তৃতায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘সংযোগের সময় ভূরাজনৈতিক প্রেক্ষাপট থেকে নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সংযোগের ক্ষেত্রে তাড়াহুড়ার কোনো প্রয়োজন নেই। আগে আমাদের নিবিড় গবেষণা চালাতে হবে।’ তাঁর মতে, সংযোগের ক্ষেত্রে ভারতকে এড়িয়ে চলার সুযোগ নেই, এটা সত্যি। তবে এর বাইরেও অনেক দেশ আছে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক বলেন, সংযোগের ক্ষেত্রে নিরাপত্তার প্রসঙ্গটি বাদ পড়ে যায়। ধর্মীয়সহ নানা রকম সন্ত্রাসবাদ এ ক্ষেত্রে অনেক বড় ইস্যু।
আব্দুর রাজ্জাকের মতে, সরবরাহ ঋণ নতুন কিছু নয়। চীনের কাছ থেকেও এ ধরনের ঋণ নেওয়া হয়, কিন্তু তা নিয়ে কথা হয় না। ভারতের কাছ থেকে নিলে আলোচনা হয়। একটি রাজনৈতিক মহল ভারতবিরোধিতাকে পুঁজি করতে চায়।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আসিফ ইব্রাহিম বলেন, প্রতিবেশী ছোট দেশগুলোর প্রতি ভারতকে আরও উদারতা দেখাতে হবে। বাংলাদেশকে নিয়ে চীনের আগ্রহ ভারতকে কৌতূহলী করে তুলেছে। এই পরিস্থিতি কাজে লাগাতে হবে।
বিসের পরিচালনা পরিষদের চেয়ারম্যান মুনশি ফয়েজ আহমেদ বলেন, ‘ভারত এবং চীন—দুই দেশের সঙ্গে সুসম্পর্ক আমাদের জন্য ভালো। তবে প্রস্তুতির অভাবে দুই দেশের সঙ্গে সুসম্পর্কের সুফল থেকে আমরা বঞ্চিত হচ্ছি।’