দরখাস্ত দিয়ে সরকারি কর্মচারীর আ.লীগে যোগদান
চাকরির বিধিমালা লঙ্ঘন করে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক কর্মচারী আওয়ামী লীগে যোগদান করেছেন। গত রোববার শিক্ষা বোর্ডের অফিস সহকারী মো. সাখাওয়াত হোসেন লিখিতভাবে আবেদন করে আওয়ামী লীগে যোগদান করেন বলে জানা গেছে। আবেদনে উল্লেখ করা হয়, ‘আমি নিম্নস্বাক্ষরকারী মো. সাখাওয়াত হোসেন লিটন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে সম্পৃক্ত ছিলাম। এখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করতে চাই। আমাকে আওয়ামী লীগে যোগদানের ব্যবস্থা করার জন্য জোর অনুরোধ করছি।’আবেদনটি গ্রহণ করে বরিশাল শিক্ষা বোর্ড কর্মচারী সংঘের সভাপতি মো. আবদুল জলিল ও সাধারণ সম্পাদক মো. নাসিরউদ্দিন বলেন, শিক্ষা বোর্ডের চাকরি প্রবিধান লঙ্ঘন করে কর্মকর্তারা রাজনৈতিক দল করতে পারেন না। কিন্তু তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা পারেন। তবে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলছেন, ‘শিক্ষা বোর্ডের প্রজ্ঞাপনে এ রকম কোনো কথা উল্লেখ নেই।’জানা গেছে, মো. সাখাওয়াত হোসেন ওরফে লিটন এর আগে শিক্ষা বোর্ডে এমএলএসএস পদে ছিলেন। সম্প্রতি তিনি পদোন্নতি পেয়ে অফিস সহকারী হয়েছেন। চারদলীয় জোট সরকারের আমলে সাখাওয়াত শ্রমিক সংঘের সাংগঠনিক সম্পাদক ছিলেন।এ ব্যাপারে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বিমল কৃষ্ণ মজুমদার প্রথম আলোকে বলেন, ‘কোনো চাকরিজীবী এভাবে ঘোষণা দিয়ে কোনো দলে যোগদান করতে পারেন না। তবে ট্রেড ইউনিয়ন করার অধিকার তাঁদের রয়েছে। সেখানে কোনো বিশেষ দলের পক্ষে নয়, শ্রমিকদের পক্ষে কাজ করতে হবে। আমাদের ভেতরে কোনো আদর্শিক ব্যাপার থাকতেই পারে। তাই বলে ঘোষণা দিয়ে কোনো দলে যোগদান করাটা ঠিক না।’বরিশাল শিক্ষা বোর্ডের সচিব আবদুল মোতালেব বলেন, ‘এভাবে লিখিত আবেদন করে কোনো কর্মকর্তা বা কর্মচারী রাজনৈতিক দলে যোগদান করবেন—এমন এখতিয়ার কারও আছে বলে আমার জানা নেই।’ এক প্রশ্নের জবাবে সাখাওয়াত হোসেন বলেন, ‘সরকারি কর্মচারী হিসেবে রাজনীতি করতে পারব কি পারব না, জানি না। তবে আবেদন করেছি।’