দরজা-জানালা ও দেয়ালের ইটও খুলে নেওয়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে নির্মাণের ১৯ বছরেও চালু হয়নি ঢাকা বন বিভাগীয় বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কার্যালয়টি। কার্যালয়ের ভবনগুলোর দরজা-জানালা চুরি হয়ে গেছে। ভবনটির ইট পর্যন্ত খুলে নেওয়া হচ্ছে।
এলাকাবাসী ও বন বিভাগ সূত্রে জানা গেছে, গাজীপুর বনাঞ্চলের জীববৈচিত্র্য, বন ও বন্য প্রাণী সংরক্ষণে শহরের পূর্ব ভুরুলিয়া এলাকায় পাঁচ একর জমিতে ঢাকা বিভাগীয় বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তার কার্যালয় স্থানান্তরের সিদ্ধান্ত নেয় সরকার। নির্মাণ করা হয় বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও), সহকারী বন সংরক্ষক (এসিএফ), রেঞ্জ ও বিট কর্মকর্তার কার্যালয়সহ প্রশিক্ষণকেন্দ্র ও একটি বাংলোসহ ছয়টি ভবন। কিন্তু গত ১৯ বছরেও কার্যালয়টি চালু হয়নি। এমনকি কার্যালয়টির রক্ষণাবেক্ষণও করেনি বন বিভাগ। বর্তমানে এটি মাদকসেবী ও অপরাধীদের আখড়ায় পরিণত হয়েছে। ফলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও সরকারের
সংশ্লিষ্ট কাজ গতিশীল করতে ১৯৯৮ সালে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় কার্যালয়টি। অথচ এটি এখন এলাকাবাসীর গলার কাঁটা।
গাজীপুর সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের পূর্ব ভুরুলিয়ায় অবস্থিত বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কার্যালয়ে গিয়ে দেখা যায়, কয়েকটি ভবনের জানালা-দরজা নেই বললেই চলে। প্রশাসনিক মূল ভবনের পেছনের দেয়াল ভাঙা। প্রশিক্ষণকেন্দ্রের দরজা-জানালার একটিও নেই। টিনের চালগুলো ছিদ্র ছিদ্র হয়ে গেছে। অন্যান্য ভবনের দেয়ালজুড়ে ফাটল। কার্যালয়ের সামনের ফটকে অপেক্ষাকৃত নতুন একটি সাইনবোর্ডে। তাতে লেখা, ‘অস্থায়ী কার্যালয়’, বঙ্গবন্ধু সাফারি পার্ক। তবে বন্য প্রাণী বা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের কোনো কর্মকর্তা-কর্মচারী সেখানে নেই। বিশাল আয়তনের কার্যালয়ের পাহারার দায়িত্বে মাত্র একজন নিরাপত্তাকর্মী।
নিরাপত্তাকর্মী আনোয়ার হোসেন বলেন, এখানে তিনিসহ পাঁচজনকে নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। কাজ না থাকায় বাকিরা বদলি হয়ে অন্যত্র চলে গেছেন। দেড় বছর ধরে তিনি একাই আছেন। বড় কর্মকর্তারা মাঝেমধ্যে আসেন।
পূর্ব ভুরুলিয়া এলাকার ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, কার্যালয়টির কর্মকর্তা-কর্মচারীরা ঢাকায় অফিস করেন। বসবাসও করেন সেখানে। অথচ বন রাক্ষসদের কবলে পড়ে প্রতিদিনই ধ্বংস ও দখল হচ্ছে গাজীপুরের বনভূমি। কমে যাচ্ছে বনভূমির আয়তন। কার্যালয়টি এখন চুরি-ছিনতাই, মাদক ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের আখড়ায় পরিণত হয়েছে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শওকত আলম বলেন, বন কার্যালয়টি নির্জনভাবে পড়ে থাকায় এখানে নানা অসামাজিক কার্যকলাপ হচ্ছে। এতে এলাকার সুনাম নষ্ট হচ্ছে। আবার মাদক সেবন ও বিক্রির আস্তানায় পরিণত হয়েছে এটি।
ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা জহিরউদ্দিন আকন্দ গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, এটি একটি সাধারণ অভিযোগ। অপরাধীরা সব সময়ই সুযোগ খোঁজে। অফিসটি কী কাজে লাগানো যায়, সে বিষয়ে একটি কমিটি করা হয়েছে। দ্রুত এটি চালু করা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।