পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের পূর্ব শিকদার মল্লিক রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়টি জরাজীর্ণ হয়ে পড়েছে। দরজা-জানালা নেই। ছাদ ও দেয়াল থেকে পলেস্তারা খসে পড়ছে। একটু বৃষ্টি হলেই ছাদ থেকে চুইয়ে চুইয়ে শ্রেণীকক্ষে পানি পড়ে। এরই মধ্যে চলে শিক্ষার্থীদের পাঠদান। জানা গেছে, ১৯৯২ সালে এ বিদ্যালয়ের চার কক্ষবিশিষ্ট পাকা ভবন নির্মাণ করা হয়। বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ১৫৫ এবং শিক্ষক চারজন। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী প্রান্ত ও ইমাম হাসান জানায়, ছাদ ও দেয়াল থেকে পলেস্তারা প্রায়ই খসে তাদের ওপর পড়ে। তারা শ্রেণীকক্ষে ভয়ের মধ্যে থাকে। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নীরেশ চন্দ্র বলেন, ‘বিদ্যালয়ের দুরবস্থার কথা আমি জনপ্রতিনিধি ও শিক্ষা কর্মকর্তাদের একাধিকবার জানিয়েছি। কিন্তু কোনো প্রতিকার হয়নি।’প্রধান শিক্ষক দিপ্তী রানী বলেন, ‘শ্রেণীকক্ষগুলোর দরজা-জানালা নেই। এ কারণে রাতে এগুলো অরক্ষিত থাকে। ছাদের নিচে থাকা ভিম ফেটে রড বেরিয়ে এসেছে। এ ছাড়া প্রতি বর্ষায় ছাদ থেকে কক্ষে পানি পড়ে। গত বর্ষায় পাঠদানে অনেক ভোগান্তি হয়েছে। আসন্ন বর্ষায় অবস্থা কেমন হবে, এ চিন্তায় আমরা অস্থির।’প্রধান শিক্ষক আরও জানান, ২০০৮ সালে বিদ্যালয় ভবন মেরামতের জন্য ২০ হাজার টাকা বরাদ্দ আসে। তখন যেনতেনভাবে মেরামতকাজ করায় ২০০৯ সাল থেকে তাঁরা চরম দুর্ভোগের মধ্যে আছেন। পিরোজপুর সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম আলী আকবর জানান, পূর্ব শিকদার মল্লিক রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়টি বর্তমানে জাতীয়করণের তালিকায় আছে। বিদ্যালয় ভবনটি প্রায় ব্যবহারের অনুপযোগী। ওই বিদ্যালয়ের একটি নতুন ভবন করার প্রস্তাব স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে পাঠানো হয়েছে।