দরজার ত্রুটি, যাত্রা বাতিল বিমানের
যাত্রীরা ওঠার পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাসকটগামী একটি উড়োজাহাজের (বোয়িং ৭৭৭) দরজায় ত্রুটি দেখা দেওয়ায় সেটির যাত্রা বাতিল করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে নয়টায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। পরে দুপুরে যাত্রীদের নিয়ে আরেকটি উড়োজাহাজ বিমানবন্দর ছেড়ে যায়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার রিয়াজুল কবির বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে ওই ফ্লাইটের যাত্রা বাতিল করা হয়। পরে যাত্রীদের আরেকটি উড়োজাহাজে করে নিয়ে যাওয়া হয়।
তবে বাংলাদেশ বিমানের একটি সূত্র জানায়, যাত্রী ওঠার পর ক্যাপ্টেন দরজা বন্ধের নির্দেশ দেন। এরপর নিয়মানুযায়ী দরজা বন্ধ হয়েছে মর্মে কেবিন ক্রু মৌখিকভাবে ক্যাপ্টেনকে জানাবেন, আবার তিনি নিজেও মনিটরে দেখবেন। কিন্তু কেবিন ক্রুর পক্ষ থেকে দরজা বন্ধ করার কথা জানানোর আগেই ক্যাপ্টেন উড়োজাহাজ উড্ডয়নের প্রস্তুতি নিতে গ্রাউন্ড হ্যান্ডলিংকে নির্দেশ দেন। তখন বোর্ডিং ব্রিজ সরিয়ে আনতে গেলে সেটি গিয়ে বিমানের খোলা দরজায় ধাক্কা খায়। ফলে দরজায় ত্রুটি দেখা দেয় এবং অনেকক্ষণ চেষ্টা করেও সেটি আর লাগানো যাচ্ছিল না।
এ বিষয়ে শাহ আমানত বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের সহকারী কমিশনার পলাশ কান্তি নাথ প্রথম আলোকে বলেন, ওই ফ্লাইটে যাত্রীরা ওঠার পর বোর্ডিং ব্রিজ সরিয়ে নেওয়া হচ্ছিল। তখনই দরজায় ত্রুটি ধরা পড়ে। পরে বিমান থেকে যাত্রীদের নামিয়ে আনা হয়। দুপুরে ঢাকা থেকে আসা বিমানের আরেকটি উড়োজাহাজে ওই যাত্রীদের গন্তব্যে পাঠানো হয়।