দরজা-জানালা বন্ধ করে পরীক্ষা
ছাত্রলীগের সম্মেলনের জন্য কলেজ ক্যাম্পাস ব্যবহারের অনুমতি দিয়ে একই সময়ে কলেজ ভবনে এইচএসসির টেস্ট পরীক্ষা নিল ঝিনাইদহের সরকারি কেসি কলেজ কর্তৃপক্ষ। এতে মাইকের উচ্চ স্বর আর মিছিল-স্লোগানের মধ্যেই পরীক্ষা দিতে হলো চার শতাধিক শিক্ষার্থীকে।
ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে পরীক্ষা হলের আনুমানিক ১০০ গজ দূরে তৈরি করা হয়েছিল বিশাল মঞ্চ। ক্যাম্পাসে লাগানো হয় ১৫টি মাইক ও সাউন্ডবক্স। পরীক্ষা শুরু হয়েছিল সকাল ১০টায়, আর বেলা ১১টা থেকে সম্মেলনকে কেন্দ্র করে শুরু হয়েছিল মাইকের উচ্চ স্বর। এ সময় মিছিল আর স্লোগানে মুখর ছিল কলেজ ক্যাম্পাস। শিক্ষার্থীরা এই অবস্থায় পরীক্ষা হলের দরজা-জানালা বন্ধ করে পরীক্ষা দিয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী সৌরভ রায় চৌধুরী জানান, শব্দের মধ্যে পরীক্ষা দিতে কষ্ট হয়েছে। তার পরও পরীক্ষা দিতে হয়েছে। আরেক শিক্ষার্থী তামান্না ইসলাম বলেন, এ নিয়ে কথা বলে কী হবে। ছাত্রছাত্রীদের এই জাতীয় সমস্যার জন্য কেউ এগিয়ে আসে না।
পরীক্ষার হলে দায়িত্বে থাকা এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, শব্দের কারণে তাঁদের পরীক্ষা নিতে কষ্ট হয়েছে। তিনি জানান, কর্তৃপক্ষ সম্মেলনের অনুমতি দিয়ে পরীক্ষা চালিয়ে ঠিক করেনি। তাদের আগে থেকে কোনো নির্দেশনাও দেওয়া হয়নি। তিনি আরও জানান, কলেজ ক্যাম্পাসে সম্মেলনের অনুমতি দেওয়ায় পরীক্ষা পিছিয়ে দেওয়া ঠিক ছিল। একসঙ্গে পরীক্ষা আর সম্মেলন হওয়ায় সবাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি বলেন, এটা কলেজ কর্তৃপক্ষের ত্রুটি।
অবশ্য কলেজের অধ্যক্ষ বি এম রেজাউল করিম দাবি করেছেন, পরীক্ষার তেমন কোনো সমস্যা হয়নি। তাঁরা ভবন পরিবর্তন করে একটু দূরে পরীক্ষা নিয়েছেন। তা ছাড়া মাইকের হর্নগুলোর মুখ পরীক্ষা হলের দিক থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। সম্মেলনের জন্য ছাত্রলীগ মৌখিকভাবে অনুমতি নেয় বলে তিনি জানিয়েছেন। বিষয়টি নিয়ে ছাত্রলীগের বক্তব্য নেওয়ার চেষ্টা করেও পাওয়া যায়নি।