দরজা-জানালাও আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অযত্ন-অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে ময়লা-আবর্জনার ভাগাড় আর মাদক সেবনের আড্ডাখানায় পরিণত হয়েছে নওগাঁ পৌরসভার একমাত্র টাউন হল। দীর্ঘদিন ধরে এটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে থাকলেও সংস্কারের নেই কোনো উদ্যোগ। এমনকি রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় দ্বিতল ভবনটির দরজা-জানালা পর্যন্ত চুরি হয়ে গেছে।
নওগাঁ পৌরসভা ও এলাকাবাসী সূত্র জানায়, নওগাঁ-সান্তাহার প্রধান সড়কসংলগ্ন নওগাঁর ৯ নম্বর ওয়ার্ডে ১৯৮৩ সালে টাউন হলটি স্থাপিত হয়। নির্মাণের পর থেকেই দ্বিতল এই মিলনায়তনটি জেলা পরিষদের আওতায় পরিচালিত হয়ে আসছিল। ১৯৮৮ সালে এর পরিচালনার ভার ন্যস্ত করা হয় নওগাঁ পৌরসভার কাছে। প্রতিষ্ঠার পর থেকে ভবনটি সংস্কারে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ না নেওয়ায় প্রতিষ্ঠার ১০-১২ বছরের মধ্যে এটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। ২০০৫ সালে গণপূর্ত অধিদপ্তর ভবনটিকে শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করে।
সরেজমিনে গত সোমবার দেখা গেছে, প্রায় ২০ শতাংশ জমির ওপর স্থাপিত পুরো ভবনটি অত্যন্ত জরাজীর্ণ হয়ে পড়েছে। চারপাশের দেয়ালে শেওলা। দেয়ালে বিভিন্ন পরগাছা জন্মে সেগুলো গাছ পর্যন্ত হয়ে গেছে। নেই কোনো দরজা-জানালা। ভবনের ভেতরের অবস্থা আরও খারাপ। পুরো ভবনের প্রায় সব কক্ষজুড়েই মল-মূত্র আর ময়লা-আবর্জনার গন্ধে দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা।
৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোশাররফ হোসেন জুয়েল, তাসরিফ আহমেদ, জুলফিকার হোসেনসহ সাত থেকে আটজন বলেন, কর্তৃপক্ষের উদাসীনতায় মাত্র ৩৩ বছরে টাউন হলটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ল। এটি এখন ভাগাড়ে পরিণত হয়েছে। যে কটি কক্ষ ভালো আছে, সেগুলো এখন পরিণত হয়েছে মাদক সেবনের আডডাখানায়। বাস-ট্রাকের শ্রমিকদের সঙ্গে এলাকার তরুণ-যুবারা এখানে আড্ডা জমিয়ে ক্যারম ও তাস খেলেন। সঙ্গে চলে মাদক সেবক।
সম্প্রতি ভবনটিতে গিয়ে এলাকাবাসীর কথার সত্যতা পাওয়া যায়। টাউন হলের নিচতলার একটি কক্ষের কাছে যেতেই গাঁজার উৎকট গন্ধ এসে নাকে লাগে। সেখানে গিয়ে দেখা যায়, ২০ থেকে ২৫ বছর বয়সী সাত-আটজন তাস খেলছেন। জিজ্ঞেস করলে তাঁরা নিজেদের মোটরশ্রমিক বলে পরিচয় দেন। অবসর সময়ে এখানে আড্ডা দেন বলেও জানান।
স্থানীয় বাসিন্দা ও নওগাঁ শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক কায়েস উদ্দিন বলেন, একসময় নওগাঁর সব সাংস্কৃতিক ও রাজনৈতিক অনুষ্ঠানের আয়োজন করা হতো এই টাউন হল মিলনায়তনে। অথচ সেটির আজ এ দশা। দীর্ঘদিন ধরে নওগাঁর মতো একটি প্রথম শ্রেণির পৌরসভায় কোনো টাউন হল বা কমিউনিটি সেন্টার না থাকাটা খুবই দুঃখের বিষয়। নওগাঁর সাংস্কৃতিক চর্চাকে আরও বিকশিত করার জন্য অনতিবিলম্বে টাউন হলটি সংস্কার অথবা পুরোনো ভবন ভেঙে নতুন মিলনায়তন তৈরির দাবি জানান তিনি।
পৌরসভার প্রকৌশলী গুরুদাস দত্ত বলেন, পরিত্যক্ত ঘোষণার পর এর চেয়ার-টেবিল পৌরসভার কার্যালয়ে নিয়ে আসা হয়। টাউন হলের বাকি সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য সেখানে প্রহরী ছিল। কিন্তু সেখানে বসবাসের মতো পরিবেশ না পেয়ে প্রহরীও থাকতে পারেননি। এই সুযোগে স্থানীয় লোকজন প্রতিষ্ঠানটির দরজা-জানালা খুলে নিয়ে গেছে। তবে ভবনের ভেতরে কোনো অসামাজিক কার্যকলাপ হচ্ছে কি না, সেটা দেখার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলে তিনি মন্তব্য করেন।
এ ব্যাপারে নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক বলেন, ‘আমি প্রথম দফায় (২০১১ সালে) ক্ষমতায় আসার আগেই টাউন হলটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। পৌরসভায় নতুন করে কমিউনিটি সেন্টার করার জন্য প্রকল্প পেতে আবেদন করলেও সরকারের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে আমার মেয়াদের শেষে চলতি অর্থবছরে তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নীতকরণ প্রকল্পের (ইউজিআইআইপি-৩) আওতায় পরিত্যক্ত হলটির জায়গায় নতুন করে কমিউনিটি সেন্টার করার পরিকল্পনা নেওয়া হয়েছে।’