দরজি নিখিল হত্যা মামলায় এক ব্যক্তি গ্রেপ্তার
টাঙ্গাইলের গোপালপুরের দরজি নিখিল চন্দ্র জোয়ারদার হত্যা মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর নাম নাজমুল হাসান ওরফে শাকিল।
নাজমুল কালিহাতী উপজেলার রাজাবাড়ী দক্ষিণপাড়া গ্রামের সেকান্দার আলীর ছেলে। তাঁর বিরুদ্ধে নিখিল হত্যায় জড়িত ব্যক্তিদের বাসাভাড়া দেওয়ার অভিযোগ রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি অশোক কুমার সিংহ জানান, নাজমুলকে শুক্রবার রাতে কালিহাতীর এলেঙ্গা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাঁকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত পরবর্তী শুনানি শেষে আদেশ দেবেন।
গত ৩০ এপ্রিল গোপালপুর উপজেলার ডুবাইল গ্রামে নিখিল চন্দ্র জোয়ারদারকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে নিখিলের স্ত্রী বাদী হয়ে গোপালপুর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন। অপর দিকে পুলিশও বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে। নিখিল নিহত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আইএস ওই হত্যার দায় স্বীকার করে বিবৃতি দেয়।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, ওই ঘটনার সঙ্গে জড়িত মোসলেম উদ্দিন নামের এক ব্যক্তি গ্রেপ্তার হওয়ার পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এতে তিনি উল্লেখ করেন, নাজমুলদের বাড়িতে ভাড়া থেকেই তাঁরা ওই হত্যাকাণ্ড চালান।