দরজিবাড়িতে ফরমাশ বন্ধ 'পাখি'তে মুগ্ধতা
কুষ্টিয়া শহরের থানাপাড়ার বাসিন্দা মাহফুজা পারভীন। প্রতি ঈদের ২০ দিন আগে দরজিবাড়িতে পোশাক বানানোর ফরমাশ দেন। কিন্তু এবার আর দিতে পারেননি। কারণ ৫ রমজান থেকেই শহরের দরজিবাড়িগুলো ‘ঈদের আগে অর্ডার নেওয়া বন্ধ’ লিফলেট টানিয়ে দিয়েছে।
অন্যদিকে বস্ত্র দোকানিরা এবার একমাত্র বিদেশি পোশাক ‘পাখি’ সরবরাহ করতে হিমশিম পোহাচ্ছেন।
জানতে চাইলে শহরের বঙ্গবন্ধু সুপার মার্কেটের আসমা লেডিস টেইলার্সের মালিক কামাল আহমেদ বলেন, বৈশাখের পরপরই ঈদের পোশাকের ফরমাশ শুরু হয়েছে। কয়েকটি রোজার পর বাধ্য হয়ে ফরমাশ নেওয়া বন্ধ করে দিয়েছেন।
বঙ্গবন্ধু সুপার মার্কেটে প্রায় ২০টি দরজির দোকান রয়েছে। এ ছাড়া শহরের অন্য মার্কেটেও রয়েছে প্রায় ১০০ দরজির দোকান। সবগুলোতেই ফরমাশ নেওয়া বন্ধ হয়ে গেছে।
কয়েকজন দরজির মালিকের সঙ্গে কথা বলে জানা গেল, গত ১০ বছরের মধ্যে এবার সবচেয়ে বেশি পোশাক তৈরি হচ্ছে। কারণ ভারতের পশ্চিমবঙ্গের একটি বাংলা টেলিভিশন চ্যানেলের ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালের নায়িকা পাখির পরনের পোশাকের কদর ও চাহিদা অন্য পোশাকগুলোকে ছাড়িয়ে গেছে। ওই নামের পোশাক দুই থেকে ১০ হাজার টাকায় বস্ত্র বিতানগুলোতে বিক্রি হচ্ছে। অনেকে ওই নকশার পোশাক বানাতে দরজিবাড়িতে ফরমাশ দিয়েছেন।
আয়েশা বস্ত্রালয়ের বিক্রয়কর্মী মনজুর হোসেন বলেন, ‘গেল কয়েক বছরের পোশাক ঝিলিক, টাপুরটুপুর, খুশির চাহিদা এবার নেই। এবার একচ্ছত্র আধিপত্য পাখির। পাখির কারণে অন্য সাধারণ থ্রিপিসের বিক্রি নেই বললেই চলে। পাখিতে অন্ধ হয়ে গেছে সবাই।’