দরদামেই বেশি আগ্রহ ক্রেতাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রেতা-বিক্রেতার ভিড়ে জমে উঠেছে চট্টগ্রামের পশুর হাটগুলো। ছবিটি গতকাল বিকেলে বিবিরহাট থেকে তোলা l প্রথম আলো
ক্রেতা-বিক্রেতার ভিড়ে জমে উঠেছে চট্টগ্রামের পশুর হাটগুলো। ছবিটি গতকাল বিকেলে বিবিরহাট থেকে তোলা l প্রথম আলো

দেশের বিভিন্ন অঞ্চল থেকে চট্টগ্রাম নগরের পশুর হাটগুলোতে গরু আসতে শুরু করেছে। হাটে আসা লোকজনের সংখ্যাও কম নয়। তবে কেনার চেয়ে দেখার কাজটিই বেশি করছেন তাঁরা। গতকাল মঙ্গলবার বিকেলে নগরের বিবিরহাট গরুর হাট ও কর্ণফুলী পশুর হাট ঘুরে এ চিত্র দেখা গেছে।
কোরবানির ঈদ উপলক্ষে চট্টগ্রাম নগরে দুটি স্থায়ী ও ছয়টি অস্থায়ী পশুর হাট বসেছে। এসব হাট জমতে জমতে শুক্রবার-শনিবার লাগতে পারে জানান ব্যাপারী ও ইজারাদারেরা।
নগরের প্রতিটি হাটে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে একটি করে ‘ভেটেরিনারি মেডিকেল টিম’ রয়েছে। জাল নোট শনাক্তকরণ যন্ত্র স্থাপন করা হয়েছে। আছে নিরাপত্তাব্যবস্থাও।
গতকাল বিকেলে বিবিরহাটে গিয়ে দেখা যায়, ট্রাকে করে কুষ্টিয়া, মাগুরা, নোয়াখালী, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থান থেকে গরু নিয়ে আসছেন ব্যাপারীরা। হাটের এক পাশে ট্রাক থেকে নামানো হচ্ছে গরু। তা দেখতে জড়ো হয়েছে লোকজন। এ বাজারে ছোট ও মাঝারি আকারের গরুর সংখ্যা বেশি।
হাটের ইজারাদার আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, গরু দেখতে নগর ও উপজেলা থেকে প্রচুর মানুষ এসেছেন। তাঁরা ঘুরে ঘুরে দরদাম করছেন। কেউ কেউ পছন্দের গরু কিনে নিচ্ছেন। তবে শুক্রবারের আগে হাট জমবে বলে মনে হয় না।
মাগুরা থেকে ২০টি গরু নিয়ে গত সোমবার বিবিরহাট বাজারে এসেছেন ব্যাপারী মো. আনিসুর রহমান। তাঁর আনা গরুগুলোর দাম সর্বনিম্ন ৮০ হাজার থেকে সর্বোচ্চ দেড় লাখ টাকা। তিনি বলেন, ‘এই হাটে এখন গরু কেনার চেয়ে দেখার কাস্টমার বেশি। ঈদের তিন-চার দিন আগে থেকেই পুরোদমে বিক্রি শুরু হবে।’ কুষ্টিয়া থেকে আসা ব্যাপারী সিরাজুল ইসলাম বলেন, এ হাটে এখন ৫০ থেকে ৭০ হাজার টাকা দামের গরু বেশি বিক্রি হচ্ছে। বড় আকারের গরুগুলো বিক্রি হবে আরও পরে। তাঁর ১৩টি গরুর একটিও এখন পর্যন্ত বিক্রি হয়নি বলে জানান তিনি।
গতকাল বিকেলে বিবিরহাট গরুর বাজারে এসেছিলেন আতুরার ডিপো এলাকার মো. ইসমাইল ও হাটহাজারীর নজুমিয়া হাটের রোকন উদ্দিন। তাঁরা প্রথম আলোকে বলেন, বাজারে এখনো গরুর সংখ্যা কম। দামও বেশি হাঁকচ্ছেন ব্যাপারীরা।
নগরের এক কিলোমিটার এলাকার নূরনগর হাউজিং এস্টেটে বসেছে অস্থায়ী কর্ণফুলী পশুর হাট। গত শুক্রবার থেকে এই হাটে পশু বিক্রি শুরু হয়েছে। কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ব্যাপারীদের পাশাপাশি চট্টগ্রামের বাঁশখালী, চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার ব্যাপারীরা গরু নিয়ে এ হাটে এসেছেন।
গত শুক্রবার সকালে কর্ণফুলী পশুর হাটে কুষ্টিয়া থেকে ১২টি গরু নিয়ে এসেছেন আশরাফুল ইসলাম। এসব গরুর দাম সর্বনিম্ন দেড় লাখ থেকে চার লাখ টাকা পর্যন্ত। তিনি বলেন, ‘লোকজন আসছে। তাঁরা গরু কেনার চেয়ে দেখছেন বেশি। অনেকে দরদাম করছেন।’

এই হাটে বন্ধুদের নিয়ে গরু দেখতে এসেছেন নগরের কালামিয়া এলাকার বাসিন্দা আনোয়ার হক। হাট ঘুরে ঘুরে দেখছিলেন তিনি। এক ফাঁকে প্রথম আলোকে বলেন, ‘এখন দাম দেখতে আসছি। যদি পছন্দ হয় আর দামে মিলে যায় তাহলে গরু কিনে ফেলব।’

কর্ণফুলী পশুর হাট পরিচালনা কমিটির সদস্য এসরারুল হক বলেন, দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় পাঁচ হাজার গরু নিয়ে এসেছেন ব্যাপারীরা। আরও ১০ হাজার গরু আসবে। শুরুতে ছোট ও মাঝারি আকারের গরু বেশি বিক্রি হচ্ছে।

চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম জেলায় কোরবানির ঈদে পশুর চাহিদা রয়েছে প্রায় পাঁচ লাখ। এর মধ্যে নগরে চাহিদা আছে এক লাখ পশুর, জেলার ১৪ উপজেলায় চার লাখ পশুর।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রেয়াজুল হক প্রথম আলোকে বলেন, চট্টগ্রামে কোরবানির পশুর কোনো সংকট হবে না।