দরপতন, সখীপুরে বেগুন চাষিদের মাথায় হাত
লাগাতার হরতাল-অবরোধের কারণে টাঙ্গাইলের সখীপুরে বেগুনচাষিরা পানির দরে বেগুন বিক্রি করতে বাধ্য হচ্ছেন। স্থানীয় বাজারে পাইকারি ক্রেতা না থাকায় উপজেলার বেগুনচাষিরা ১০০ টাকা মণ বিক্রি করছেন। এতে উৎপাদনের খরচ না ওঠায় দিশেহারা হয়ে পড়েছেন তাঁরা।
গত রোববার উপজেলার মহানন্দপুর ও পলাশতলী বাজার ঘুরে এ চিত্র পাওয়া যায়। মহানন্দপুর বাজারের ইজারাদার গোলাম মোস্তফা জানান, চলতি মৌসুমে সখীপুরের প্রতিটি বাজার থেকে কমপক্ষে পাঁচ-ছয় ট্রাক করে বেগুন ঢাকার কারওয়ান বাজার ও সিলেটে যায়। দুই সপ্তাহ ধরে হরতাল ও অবরোধ থাকায় বাজারে পাইকারি ক্রেতারা বেগুন না কেনায় চাষিরা বিপাকে পড়েছেন। বাধ্য হয়ে অনেকে পানির ধরে বেগুন বিক্রি করছেন। পলাশতলী বাজারে গিয়ে দেখা যায়, কমপক্ষে ২০০ জন চাষি বেগুন বিক্রি করতে এসেছেন। কিন্তু কেউই বেচতে পারছেন না।
চাষি আবদুর রউফ বলেন, ‘আমি দুই মণ বেগুন জোর করে ২৪০ টাকায় বিক্রি করেছি।’ সুচিত্র বর্মণ বলেন, ‘তিন মণ বাগুন আনছিলাম, বেচবার না পাইরা বাড়িত নিয়া গেলাম, বাড়িত নিয়া গরুরে খাওয়ামু।’ আরেক ব্যবসায়ী দুলাল বলেন, ‘ঢাকায় এখন বেগুনের অনেক দাম, এক ট্রাক বেগুন ঢাকায় নিতে পারলে অনেক ব্যবসা হতো, কিন্তু নিতে তো পারছি না।’
আবদুল কদ্দুস নামের বেগুনচাষি মাথায় হাত দিয়ে বলেন, ‘এক লাখ টাকা খরচ করে বেগুনখেত করেছিলাম। লাভ তো দূরের কথা, লোকসান গুনে সারতে পারব না। হরতাল-অবরোধ আমাদের শেষ করে দিল।’
মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক বলেন, এ অঞ্চল বেগুন চাষের জন্য বিখ্যাত। বেগুন বেচতে না পেরে শনিবার বাজারে অনেকে বেগুন ফেলে চলে গেছেন, অনেকে বাড়িতে ফেরত নিয়ে গেছেন।