দরপতনের প্রতিবাদে বিনিয়োগকারীদের সমাবেশ-মিছিল
শেয়ারবাজারে দরপতনের প্রতিবাদে চট্টগ্রামে বিনিয়োগকারীরা গতকাল মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন। ডবলমুরিং থানার টহল পুলিশ পরিদর্শক মুন্সি হাফিজুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।প্রত্যক্ষদর্শী ও বিনিয়োগকারীদের সূত্র জানায়, বেলা দুইটায় বিনিয়োগকারীদের সংগঠন ইনভেস্টরস ফোরাম অব চিটাগাং আগ্রাবাদ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কার্যালয়ের বিপরীতে শফি ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করে। এতে বক্তব্য দেন ফোরামের আহ্বায়ক আছলাম মোরশেদ, যুগ্ম আহ্বায়ক সরোজ চৌধুরী, এম এ কাদের প্রমুখ। বক্তারা শেয়ারবাজারের চলমান সংকট নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। সংকট নিরসন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা।সমাবেশে আজ বুধবার দুপুরে একই জায়গায় অবস্থান এবং কাল বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।পরে বিনিয়োগকারীরা আগ্রাবাদ এলাকায় বিক্ষোভ মিছিল করেন।