দরপত্র আহ্বানই হয়নি চলছে সড়কের কাজ!
দরপত্র আহ্বান না হলেও সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সদর ইউনিয়নের রাধানগর গ্রামের আলম মিয়ার বাড়ির সামনে থেকে রাধানগর মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক পাকা করার কাজ করছেন সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ-সমর্থক ফখরুল ইসলাম চৌধুরী। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরও (এলজিইডি) এ ব্যাপারে কিছু জানে না।এ বিষয়ে ফখরুল ইসলাম চৌধুরী বলেন, সড়কটি পাকাকরণের জন্য দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে। এলাকাবাসীর চাপে পড়ে চেয়ারম্যান হিসেবে তিনি আগাম কাজ করিয়ে নিচ্ছেন। আপনি তো ঠিকাদার নন। এ ছাড়া এলজিইডি কাজের বিষয়ে কিছুই জানেন না, তাহলে কীভাবে সড়কের কাজ করাচ্ছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ নিয়ে পরে কথা বলব।’উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. নূরুল আলম চৌধুরী বলেন, ‘এলজিইডির সড়ক হলেও সেখানে কে বা কারা কাজ করছেন, সে বিষয়টি আমার জানা নেই।’ সুনামগঞ্জের এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমদ বলেন, ‘এ সড়কের দরপত্রই হয়নি, তাই কেউ সড়কের কাজ করলে সেটি আমাদের দেখার বিষয় নয়।’এলাকাবাসীর কয়েকজন জানান, এলজিইডি কর্তৃপক্ষকে না জানিয়ে সড়ক পাকা করার কাজ করাচ্ছেন ফখরুল ইসলাম চৌধুরী। তিনি প্রতিদিন একবার সড়কে এসে কাজটির খোঁজখবর নিচ্ছেন। এতে নিম্নমানের সামগ্রী ব্যবহূত হলেও কর্তৃপক্ষ কাজের বিষয়ে কিছু না জানায় কোনো ব্যবস্থা নিচ্ছে না।নাম প্রকাশে অনিচ্ছুক এলজিইডির একাধিক ঠিকাদার জানান, এ সড়কের নামে কোনো দরপত্রই আহ্বান করা হয়নি। তবে সপ্তাহ দুয়েক আগে উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের হামিদপুর-বিষরপাশা সড়ক ও সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের গোলকপুর-ধরমপাশা সড়কটি পাকা করার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। এ দুটি থেকে যেকোনো একটি সড়কের আইডি নম্বরসহ প্রকল্পের নাম বদল করার মাধ্যমে কাজটির বিল উত্তোলন করা হতে পারে।গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে বালু ও পাথর রাখা হয়েছে। তিন-চারজন শ্রমিক পাথর ধোয়ার কাজ করছেন। এ সময় কয়েকজন শ্রমিক জানান, দৈনিক ২০-২৫ জন শ্রমিক এ সড়কে কাজ করছেন। পুরো এক কিলোমিটারের কাজই হবে। এ পর্যন্ত রাধানগর গ্রামের আলম মিয়ার বাড়ির সামনে থেকে রাধানগর গ্রাম জামে মসজিদ পর্যন্ত সড়কের কাজ সম্পন্ন হয়েছে।