দরপত্র আহ্বানের আগেই কাজ শেষ!
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার চারটি গুচ্ছের প্রায় সাড়ে নয় লাখ টাকার কাজ দরপত্র আহ্বান করার আগেই শেষ হয়ে গেছে।
ঠিকাদারদের অভিযোগ, ওই চারটি গুচ্ছের কাজের দরপত্র তাঁরা কিনতে পারেননি। কৌশলে দুজন ঠিকাদারের কাছে তা বিক্রি করা হয়েছে।
এতে সরকারের আর্থিক ক্ষতি ও কাজের মান খারাপ হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নওয়াপাড়া পৌরসভা সূত্র জানায়, পৌর কতৃর্পক্ষ ২ মার্চ ২০১৪-২০১৫ অর্থবছরের বার্ষিক উন্নয়নমূলক প্রকল্পের (এডিপি) অধীনে ২৪টি গুচ্ছের কাজের দরপত্র আহ্বান করে। গত সোমবার ছিল দরপত্র বিক্রির শেষ দিন। মঙ্গলবার দরপত্র গ্রহণ ও খোলা হয়।
ঠিকাদারেরা অভিযোগ করেন, প্রকল্পের ২৪টি গুচ্ছের মধ্যে ১৪, ১৭, ১৮ ও ২৪ নম্বর গুচ্ছের কাজের দরপত্র ঠিকাদারদের কাছে বিক্রি করা হয়নি। দরপত্র কিনতে গেলে ওই চারটি গুচ্ছের দরপত্র বিক্রি করা হবে না বলে পৌরসভা কর্তৃপক্ষ ঠিকাদারদের জানিয়ে দেয়। ঠিকাদারি প্রতিষ্ঠান পৃথু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ওয়াহিদুজ্জামান মোহাম্মাদ বলেন, ‘ওই চারটি গুচ্ছের কাজের দরপত্র কেনার জন্য অনেক চেষ্টা করেছি। কিন্তু পৌরসভা কর্তৃপক্ষ দরপত্রগুলো আমাদের কাছে বিক্রি করেনি। অথচ তাদের নির্ধারিত ঠিকাদারদের কাছে ওই দরপত্র বিক্রি করা হয়েছে।’
জয়েন্ট ট্রেডিংয়ের স্বত্বাধিকারী শাহাদাত হোসেন বলেন, ‘শুনেছি ১৭ ও ১৮ নম্বর গুচ্ছের দরপত্র ঠিকাদারি প্রতিষ্ঠান রানা বিল্ডার্স এবং ১৪ ও ২৪ নম্বর গুচ্ছের দরপত্র জিনিয়া এন্টারপ্রাইজের কাছে বিক্রি করা হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, তিনটি প্রকল্পের কাজ শেষ করা হয়েছে প্রায় বছর খানেক আগে। একটি প্রকল্পের কাজ সদ্যই শেষ করা হয়েছে। একটি প্রকল্পের কাজ কয়েক দিন আগে শুরু হয়েছে। ১৭ নম্বর গুচ্ছের আওতাধীন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গাজীপুর দক্ষিণ পাড়া ডিজি সাহেবের বাড়ির পাশের রাস্তায় ইট বিছানো (বিএফএস) ও ৭ নম্বর ওয়ার্ডের একতারপুর হোসেনের চাতালের পাশের রাস্তা বিএফএস দিয়ে উন্নয়ন প্রকল্পের কাজ করা হয়েছে প্রায় এক বছর আগে। সেই সঙ্গে ৮ নম্বর ওয়ার্ডের গাজীপুর দক্ষিণ পাড়া ডা. মুন্নার বাড়ি থেকে আয়ের আলীর পুকুর পাড় পর্যন্ত রাস্তা বিএফএস দিয়ে প্রকল্পের কাজ একই সময়ে শেষ হয়েছে।
৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুজিবর রহমান বলেন, আট-নয় মাস আগে রাস্তাগুলোর কাজ ঠিকাদারদের দিয়ে বাকিতে করানো হয়েছে। চলতি দরপত্রে কাজগুলো ঠিকাদারদের নামে দেখিয়ে টাকা তোলা হবে।
রানা বিল্ডার্সের মালিক মোকারাব্বিন হোসেন ১৭ ও ১৮ নম্বর গুচ্ছের কাজ করেছেন। তিনি বলেন, ‘কিছু সমস্যা থাকায় আমি আগেই নিজের টাকায় কাজ শেষ করে ফেলেছি। তাই ওই দরপত্র আমার কাছে বিক্রি করা হয়েছে। এখন দরপত্রের টাকা সমন্বয় হলে টাকা পাব।’
৫ নম্বর ওয়ার্ডের ১৪ নম্বর গুচ্ছের অধীন আল হেলাল স্কুল মেরামতের কাজ সম্প্রতি শেষ হয়েছে।
ঠিকাদার ওয়াহিদুজ্জামান মোহাম্মাদ বলেন, দরপত্রে অনুযায়ী ঠিকাদারকে কাজ করতে হয়। কাজ করার অনেক পরে দপ্তর আহ্বান করায় ওই প্রকল্পের কাজের মান নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। দরপত্র অনুযায়ী কাজ না করলে সরকারের আর্থিক ক্ষতি হয়।
নওয়াপাড়া পৌরসভার মেয়র রবিউল হোসেন বলেন, ‘ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালকের (ডিজি) বাড়ি ৮ নম্বর ওয়ার্ডের গাজীপুরে। ওনার অনুরোধে এক ঠিকাদারকে দিয়ে একটি রাস্তা উন্নয়ন করে দেওয়া হয়েছে। এ ছাড়া পৌরসভার কয়েকজন গুরুত্বপূর্ণ লোকের অনুরোধে ১৪ নম্বর গুচ্ছের নওয়াপাড়া মহিলা কলেজের পুকুর পাড় সংরক্ষণের জন্য প্যালাসাইডিং) এবং আল হেলাল স্কুল মেরামতের কাজ করা হয়েছে। আর নওয়াপাড়া ইনস্টিটিউট যাতে কিছুটা আর্থিক সহায়তা পেতে পারে সে জন্য তাদের মাধ্যমে নালা নির্মাণ করতে ২৪ নম্বর গুচ্ছের দরপত্র ঠিক সেভাবে বিক্রি করা হয়নি।’
নওয়াপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী অহীন্দ্রনাথ বিশ্বাস বলেন, ‘আমার জানামতে সব গুচ্ছের দরপত্র বিক্রি করা হয়েছে। তার পরও বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।’