মৌলভীবাজারের জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণকাজের দরপত্র আহ্বান করা হয় প্রায় সাত মাস আগে। এরপর প্রধানমন্ত্রী নির্মাণকাজের ভিত্তিফলকও উন্মোচন করেন। কিন্তু এখনো কমপ্লেক্সটির কাজ শুরু হয়নি। দীর্ঘসূত্রতার কারণে উপজেলার কয়েক লাখ মানুষকে বাইরে গিয়ে স্বাস্থ্যসেবা নিতে হচ্ছে৷ এতে তাদের অতিরিক্ত টাকা খরচ ও ভোগান্তি পোহাতে হচ্ছে৷
দীর্ঘসূত্রতার কারণ সম্পর্কে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কুমিল্লা কার্যালয়ের (বৃহত্তর কুমিল্লা ও সিলেট অঞ্চল) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, ‘দরপত্র মূল্যায়ন ও সর্বনিম্ন দরদাতা নির্ধারণ হয়ে গেছে। দরপত্রে স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের চূড়ান্ত অনুমোদন লাগে। কাজটি এখনো বাকি। এটি হয়ে গেলে কাজ শুরু করতে ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হবে।’
স্বাস্থ্য বিভাগ ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০০৪ সালের দিকে জুড়ী উপজেলা ঘোষণা করা হয়৷ পরের বছর উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের উত্তর ভবানীপুর এলাকায় প্রথমে স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু জমি অধিগ্রহণের কাজ চলাকালে একজন ভূমির মালিক আদালতে মামলা করলে আইনি জটিলতার সৃষ্টি হয়। এ অবস্থায় একই ইউনিয়নের বাছিরপুর এলাকায় জুড়ী-বড়লেখা সড়কের এক পাশে পাঁচ একর জায়গায় স্বাস্থ্য কমপ্লেক্সটি নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী গত বছরের ৭ নভেম্বর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ঢাকার প্রধান কার্যালয় জুড়ী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে। এতে ব্যয় ধরা হয় ১৮ কোটি ৫০ লাখ টাকা। দরপত্র আহ্বানের দুই দিন পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাশের বড়লেখা উপজেলায় এক জনসভায় স্বাস্থ্য কমপ্লেক্সটির নির্মাণকাজের ভিত্তিফলক উন্মোচন করেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, ২০০৫ সাল থেকে উপজেলার জায়ফরনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের দুটি কক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সের অস্থায়ী কার্যক্রম শুরু হয়।