চট্টগ্রাম বন্দরের ছয়টি জেটিতে দরপত্র ছাড়াই বার্থ অপারেটর নিয়োগে স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। বার্থ অপারেটর কসমস এন্টারপ্রাইজের একটি রিটের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার আদালত এ আদেশ দেন। বন্দরের ছয়টি জেটির বার্থ অপারেটর নিয়োগের দরপত্রে দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা হয় কসমস এন্টারপ্রাইজ। বন্দর কর্তৃপক্ষ সেই দরপত্রের মূল্যায়ন-প্রক্রিয়া স্থগিত করে আগের ছয় বার্থ অপারেটরকে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছিল।কসমস এন্টারপ্রাইজের আইনজীবী ব্যারিস্টার তানজীব উল আলম প্রথম আলোকে বলেন, দরপত্র ছাড়া অপারেটর নিয়োগের ওপর আদালত ছয় মাসের স্থগিতাদেশ দিয়েছেন। বন্দরের ছয়টি কনটেইনার জেটির দরপত্র মূল্যায়নের মাঝপথে বার্থ অপারেটর এফ কিউ খান অ্যান্ড ব্রাদার্স আদালতে রিট করে। আদালত বন্দরের ‘রেগুলেশন ফর ওয়ার্কিং অব চিটাগাং পোর্টের’ ৬৮ ও ৭৪ ধারা প্রতিপালন না করে যে কাউকে বার্থ অপারেটর নিয়োগের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। বন্দরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এখন নতুন করে তৃতীয় দফা দরপত্র আহ্বানের প্রক্রিয়া শুরু করা হবে।