দরপত্র ছাড়াই ছয় জেটির কনটেইনার ওঠানো-নামানোর কাজ দেওয়া হলে চট্টগ্রাম বন্দর অচল করার কর্মসূচি দেওয়া হবে বলে হুমকি দিয়েছে ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশন। গতকাল মঙ্গলবার নৌপরিবহনমন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে এ হুমকি দেওয়া হয়। এর আগে গত দুই দিন ফেডারেশনের নেতারা বন্দরের চেয়ারম্যান, সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যালয়ে গিয়ে তাঁদের বিষয়টি জানিয়েছেন। তাঁরা বলেছেন, এভাবে বন্দরের স্বার্থবিরোধী কাজ দেওয়া হলে তাঁরা আন্দোলন শুরু করবেন।গত ১০ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় কমিটির বৈঠকে দরপত্র ছাড়া ছয় বার্থ অপারেটরকে কাজ দিতে বলা হয়। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানও বন্দরকে একই নির্দেশনা দেন। এরপর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সার্বিক পরিস্থিতি তুলে ধরে প্রয়োজনীয় সরকারি আদেশ দিতে গত সোমবার নৌপরিবহন মন্ত্রণালয়ে চিঠি দেয়। গতকাল পর্যন্ত নৌপরিবহন মন্ত্রণালয় কোনো নির্দেশনা দেয়নি বলে জানা গেছে। আদালতের নিষেধাজ্ঞার কারণে বন্দরের ছয়টি জেটিতে দ্বিতীয় দফা দরপত্রের কার্যক্রম গত সোমবার স্থগিত করে বন্দর কর্তৃপক্ষ। এ দরপত্রে সর্বনিম্ন দরদাতা হিসেবে খুলনা ট্রেডার্স প্রতিটি কনটেইনার ওঠানো-নামানোর জন্য ১৪৪ টাকা দর দেয়। কিন্তু নৌপরিবহন মন্ত্রণালয় বার্থ অপারেটরদের আগের মতো প্রতি কনটেইনার ৩৬৮ টাকা করে কাজ দেওয়ার সুপারিশ করে। এ সুপারিশের বিষয়টি জানাজানির পর বন্দরে শ্রম অসন্তোষ দেখা দেয়। ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান খান প্রথম আলোকে বলেন, দরপত্র ছাড়াই কাজ দেওয়া হলে ছয়টি জেটিতে তিন বছরে বন্দরের প্রায় ৩৭ কোটি টাকা বেশি ব্যয় হবে। বন্দরের স্বার্থবিরোধী কাজ করা হলে বন্দর বন্ধসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।