চট্টগ্রাম বন্দরের ছয়টি জেটির কনটেইনার ওঠানো-নামানোর কাজ দরপত্র ছাড়াই বেশি দামে দেওয়ার প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবের কাছে আইনি নোটিশ দিয়েছে কসমস এন্টারপ্রাইজ। গতকাল বুধবার কসমস এন্টারপ্রাইজের পক্ষে তানজিব উল আলম অ্যান্ড অ্যাসোসিয়েটস এ নোটিশ দেয়। ছয়টি কনটেইনার জেটির দরপত্র মূল্যায়নের মাঝপথে এফ কিউ খান অ্যান্ড ব্রাদার্স আদালতে রিট করে। আদালত বন্দরের ‘রেগুলেশন ফর ওয়ার্কিং অব চিটাগাং পোর্টের’ ৬৮ ও ৭৪ এই দুটি ধারা প্রতিপালন না করে যে কাউকে বার্থ অপারেটর হিসেবে নিয়োগের ব্যাপারে নিষেধাজ্ঞা দেন। এই দরপত্রে কসমস এন্টারপ্রাইজ দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা ছিল। আইনি নোটিশে বলা হয়, এই নিষেধাজ্ঞা পেয়ে বন্দর কর্তৃপক্ষ দরপত্র মূল্যায়ন-প্রক্রিয়া স্থগিত করেছে। অথচ আদালত দরপত্র মূল্যায়নে কোনো নিষেধাজ্ঞা জারি করেনি। আবার নৌপরিবহন মন্ত্রণালয় এবং সংসদীয় কমিটি এফ কিউ খান অ্যান্ড ব্রাদার্সসহ ছয় বার্থ অপারেটরকে বন্দরের প্রাক্কলিত দরে অর্থাৎ কনটেইনারপ্রতি ৩৬৮ টাকা দরে কাজে নিয়োগ দেওয়ার নির্দেশ দেয়।নোটিশে বলা হয়, এফ কিউ খান অ্যান্ড ব্রাদার্স একটি জেটির জন্য কনটেইনারপ্রতি গড়ে ৫৫০ টাকা দর দেয়। কসমস এন্টারপ্রাইজ দ্বিতীয় সর্বনিম্ন দর দেয় কনটেইনারপ্রতি ১৫২ টাকা। এ পরিস্থিতিতে ৩৬৮ টাকা দরে সাবেক ছয় বার্থ অপারেটরকে কাজ দেওয়া হলে গণখাতে ক্রয় বিধিমালা লঙ্ঘন হবে বলে নোটিশে বলা হয়। এই দরের অর্ধেকের চেয়ে কম, কনটেইনারপ্রতি ১৫২ টাকা দরে কসমস এন্টারপ্রাইজ কাজ করতে আগ্রহী বলে নোটিশে বলা হয়।