চট্টগ্রাম বন্দরে আবার দরপত্র ছাড়া সাময়িকভাবে বেসরকারি অপারেটরদের কনটেইনার ওঠানামার কাজ দেওয়ার সুপারিশ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গত মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয়ে সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।হিসাব করে দেখা গেছে, সংসদীয় কমিটির সুপারিশ অনুযায়ী দরপত্র ছাড়া কাজ দেওয়া হলে কনটেইনার-প্রতি বন্দরের ব্যয় বাড়বে প্রায় ২০০ টাকা। সুপারিশ করার বিষয়টি স্বীকার করে সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শামসুল হক চৌধুরী গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ছয়টি কনটেইনার জেটিতে দ্বিতীয় দফা দরপত্র কার্যক্রমের ওপর গত মঙ্গলবার আদালতের স্থগিতাদেশ জারি হয়। আদালতের স্থগিতাদেশের কারণে আগামী ৪৫ দিনের মধ্যে নতুন করে তৃতীয় দফায় দরপত্র আহ্বানের সুপারিশ করা হয়েছে। এ সময়ের মধ্যে বন্দরের ‘প্রাক্কলিত ব্যয়’ অনুযায়ী সাময়িক বেসরকারি অপারেটরদের কাজ দেওয়ার সুপারিশ করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষ বোর্ডসভায় বসে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।বন্দর সূত্রে জানা গেছে, বর্তমানে বন্দরের নিজস্ব ব্যবস্থাপনায় জেটিতে কনটেইনার ওঠানামার কাজ চলছে। কিন্তু নিজস্ব ব্যবস্থাপনায় কনটেইনার ওঠানো-নামানোয় ধীরগতির কারণে বন্দরের অগ্রগতি থমকে যায়। দুই দফা দরপত্র আহ্বান করেও নানা কারণে বেসরকারি অপারেটরদের কার্যাদেশ দেওয়া সম্ভব হয়নি। এ পরিস্থিতিতে সংসদীয় কমিটি এই সুপারিশ করে।চট্টগ্রাম বন্দরের সদস্য নজরুল ইসলাম গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, বিষয়টি নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়েছে। তবে বন্দরে মন্ত্রণালয়ের নির্দেশনা আসার পর ব্যবস্থা নেওয়া হবে। দরপত্র কার্যক্রমের ওপর আদালতের স্থগিতাদেশের সত্যায়িত কপি বন্দরে আসেনি। বন্দর সূত্রে জানা গেছে, ছয়টি জেটিতে কনটেইনার-প্রতি বন্দরের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৬৮ টাকা। অথচ আদালতের নিষেধাজ্ঞার কারণে স্থগিত হয়ে যাওয়া দ্বিতীয় দফা দরপত্রে কনটেইনার-প্রতি সর্বনিম্ন দুটি দর ছিল যথাক্রমে ১৪৪ ও ১৫২ টাকা। এ হিসাবে সংসদীয় কমিটির সুপারিশ বাস্তবায়িত হলে কনটেইনার-প্রতি প্রায় ২০০ টাকা বেশি ব্যয় হবে। গত অর্থবছরের পরিসংখ্যান থেকে দেখা যায়, ছয়টি কনটেইনার জেটিতে গড়ে প্রতি মাসে ৪৬ হাজার ৫৭৮ ইউনিট কনটেইনার ওঠানো-নামানো হয়। এ হিসাবে প্রতি মাসে বন্দরের ব্যয় বাড়বে প্রায় ৯৩ লাখ টাকা।বন্দর সূত্রে জানা গেছে, গত ২২ জুলাই বন্দরের ছয়টি জেটিতে কনটেইনার ওঠানো-নামানোর দরপত্র খোলা হয়। দরপত্র মূল্যায়ন কমিটি কয়েক দফা বৈঠকে বসে দরপত্র পর্যালোচনা করে। তবে কমিটির প্রতিবেদন এখনো জমা দেওয়া হয়নি। এর আগে ৩১ মে অনুষ্ঠিত প্রথম দরপত্রে কনটেইনার-প্রতি দর পাওয়া যায় প্রায় ৭২ টাকা। তবে দরপত্রের শর্ত পালন না করায় সেই দরপত্র বাতিল করা হয়।