
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন নেই। ডাকা হয়নি দরপত্র। কিন্তু ঢাকা দক্ষিণে ছয়-ছয়টি অস্থায়ী পশুর হাট পেয়ে গেছে ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত নেতা-কর্মীরা। তাঁদের হাতে এই হাটগুলো তুলে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
এই ছয়টিসহ এবার দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় অস্থায়ী পশুর হাট বসবে ১৫টি। আগে বরাদ্দ দেওয়া নয়টি হাটের ইজারাও পেয়েছেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা। সেগুলো ইজারা দেওয়া হয়েছে ৬ কোটি ২৯ লাখ ৭ হাজার ৫০০ টাকায়। কিন্তু দরপত্র ছাড়া দেওয়া নতুন ছয় হাট কত টাকায় ইজারা দেওয়া হয়েছে, তা গতকাল পর্যন্ত জানায়নি সিটি করপোরেশন। প্রসঙ্গত, উত্তর সিটি করপোরেশনের সাতটি হাট ইজারা দেওয়া হয়েছে ১০ কোটি ৮০ লাখ ৬ হাজার ৭৮০ টাকায়।
ডিএসসিসি নতুন যে ছয়টি হাট দলের নেতা-কর্মীদের দিয়েছে সেগুলো হলো গোলাপবাগ মাঠ, বংশালের সামসাবাদ ঈদগাহ মাঠের আশপাশ, পোস্তগোলা, লালবাগ বেড়িবাঁধ, ধানমন্ডি ও গোপীবাগ বালুর মাঠ। ধানমন্ডির হাটটি কোথায়, তা করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা প্রথম আলোকে জানাননি।
খোঁজ নিয়ে জানা গেছে, গত বৃহস্পতিবার এই হাটগুলোর অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ওই দিনই গোলাপবাগ মাঠে পশুর হাট বসে গেছে। এই হাটটি দেওয়া হয়েছে ৪৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কালামকে। তাঁর সহযোগী হিসেবে কাজ করছেন ডিএসসিসির ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং এই ওয়ার্ড বিএনপির সভাপতি বাদল সরদার।
সামসাবাদ ঈদগাহ মাঠের আশপাশে হাট বরাদ্দ পেয়েছেন বংশাল থানা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসাইন।
ডিএসসিসির একাধিক বিভাগের কর্মকর্তা ও কাউন্সিলরদের অভিযোগ, দলীয় বিবেচনায় এই হাটগুলো বরাদ্দ দিয়েছেন ডিএসসিসির মেয়র। এ ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া মানা হয়নি। এর আগে এই প্রক্রিয়ায় হাট বরাদ্দ দেওয়ার কোনো নজির নেই বলে জানান তাঁরা।
গত ৬ জুলাই ডিএসসিসিভুক্ত এলাকার ১৩টি স্থানে পশুর হাট বসানোর জন্য দরপত্র আহ্বান করা হয়। ২৬ জুলাই আটটি এবং ১০ আগস্ট একটি হাটের দরপত্র চূড়ান্ত করা হয়। বাকি চারটি হাট সরকার নির্ধারিত দরের চেয়ে কম দর পড়ায় পরপর তিনবার দরপত্র আহ্বান করেও ইজারাদার পায়নি বলে জানায় সিটি করপোরেশন। পরে করণীয় ঠিক করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দ্বারস্থ হয় সংস্থাটি। এর মধ্যে উচ্চ আদালতের নির্দেশে আরমানিটোলা মাঠের ইজারা বাতিল করা হয়েছে।
জানতে চাইলে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দরপত্র চূড়ান্ত করতে না পারা ওই চারটি হাটের বিষয় মন্ত্রণালয়কে জানানো হয়েছে। আর আগের দরপত্রের বাইরে অনেকেই অস্থায়ী হাটের জন্য আবেদন করেছেন। কিন্তু এই স্বল্প সময়ের মধ্যে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া সম্ভব হয়নি। তাই ডিএসসিসির সব নিয়মনীতি মেনেই হাটগুলো বরাদ্দ দেওয়া হয়েছে। ডিএসসিসির নিয়মনীতিতে হাট বরাদ্দ দেওয়ার বিষয়ে কী বলা আছে? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি ব্যস্ত আছি, পরে কথা বলব।’ এই বলে মুঠোফোনের সংযোগ কেটে দেন তিনি।
তবে ডিএসসিসির সম্পত্তি বিভাগের এক কর্মকর্তা বলেন, পশুর হাট ইজারা দিতে হলে আগে স্থান পরিদর্শন করবেন একজন সার্ভেয়ার। তাঁর প্রতিবেদনের আলোকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাবে ডিএসসিসি। যথাযথ প্রক্রিয়ায় মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর দরপত্র আহ্বান করবে ডিএসসিসি। কিন্তু নতুন এই ছয়টি হাটের বিষয়ে তেমন কোনো কিছুই করা হয়নি।
গতকাল শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা যায়, প্রায় তিন একর আয়তনের গোলাপবাগ মাঠের দক্ষিণ পাশে সারিবদ্ধভাবে দুই শতাধিক গরু রাখা আছে। পশ্চিম ও উত্তর পাশে আরও অর্ধশতাধিক গরু বেঁধে রাখা হয়েছে। উত্তর পাশে পশু রাখার জন্য বাঁশ পুঁতছেন ৮ থেকে ১০ জন শ্রমিক। মাঠের পূর্ব পাশে চারটি ট্রাক থেকে গরু নামাচ্ছেন ব্যবসায়ীরা। কিন্তু মাঠে কোনো ক্রেতাকে দেখা যায়নি। তবে মহল্লার শিশু-কিশোরেরা পশুর হাটে ভিড় জমিয়েছেন।
অনেক খুঁজেও এই মাঠের ইজারাদার আবুল কালামকে পাওয়া যায়নি। তবে তাঁর সহযোগী ডিএসসিসির ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিএনপির নেতা বাদল সরদার বলেন, ‘গোলাপবাগে হাট বসাতে ৮ আগস্ট আমরা মেয়রের কাছে দাবি জানাই। মেয়র আমাদের হাট দিয়েছেন। তবে এখনো অনুমোদনপত্র হাতে পাইনি।’ কত টাকায় ইজারা পেয়েছেন জানতে চাইলে তিনি তা জানাতে রাজি হননি।
এ বিষয়ে কথা বলার জন্য ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের মুঠোফোনেও যোগাযোগ করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি।