দরপত্র ছাড়া চট্টগ্রাম বন্দরের ছয়টি কনটেইনার জেটিতে বার্থ অপারেটর নিয়োগ হলে লাগাতার ধর্মঘট দেওয়া হবে বলে হুমকি দিয়েছে বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশন। গতকাল রোববার বন্দর ভবনের সামনের সড়কে আয়োজিত সমাবেশে সংগঠনের নেতারা এ ঘোষণা দেন।আইনি জটিলতার কারণ দেখিয়ে বন্দরের ছয়টি কনটেইনার জেটিতে দ্বিতীয় দফা দরপত্র মূল্যায়ন স্থগিত করে বন্দর কর্তৃপক্ষ। এসব জেটিতে সাময়িক ব্যবস্থায় দরপত্র ছাড়া অপারেটর নিয়োগের জন্য সংসদীয় কমিটি মৌখিক সুপারিশ করে। দক্ষতা কমে যাওয়ার অজুহাতে নৌপরিবহন মন্ত্রণালয়ও দরপত্র ছাড়া অপারেটর নিয়োগের নির্দেশ দেয় বন্দরকে। গতকাল দুপুরে শ্রমিক সমাবেশে বক্তৃতা করেন সংগঠনের সভাপতি গোলাম মোহাম্মদ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান খান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, নিয়মনীতি লঙ্ঘন করে সংসদীয় কমিটির গুটিকয়েক সদস্য দরপত্র ছাড়া অপারেটর নিয়োগের জন্য বন্দরকে চাপ দিচ্ছেন। তাঁদের স্থায়ী কমিটি থেকে প্রত্যাহার করতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান শ্রমিক নেতারা।